আসন্ন রামাযান উপলক্ষে পবিত্র বায়তুল্লাহ এবং মদীনার মসজিদে নববীতে চলছে বিশেষ প্রস্ত্ততি। রামাযানে মুছল্লীদের কুরআন তিলাওয়াত সহজ করতে এবার বিশেষ অ্যাপ চালু করেছে হারামাইন কর্তৃপক্ষ। প্রযুক্তির সহায়তায় সহজভাবে কুরআন পড়া ও বোঝা আরও সহজ করবে নতুন এ অ্যাপসটি। ‘মাছহাফুল হারামাইন’ নামে এ অ্যাপসটির মাধ্যমে পড়ার পাশাপাশি কুরআনের তাফসীর ও আনুষঙ্গিক বিষয়গুলো জানা যাবে। ২৪ এপ্রিল বুধবার, হারামাইন শরীফের কার্যপরিচালনা পরিষদের মহাপরিচালক ড. শায়খ আবদুর রহমান আস-সুদাইস আনুষ্ঠানিকভাবে অ্যাপটি (এআর) উদ্বোধন করেন। পবিত্র এ দুই মসজিদের প্রেসিডেন্সি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। মসজিদুল হারামের এ অ্যাপসটি পবিত্র কুরআনের প্রথম অগমেন্টেড রিয়েলিটি (এআর) হিসাবে বিবেচিত হচ্ছে। অ্যাপসটিতে দেখে দেখে কুরআন তিলাওয়াতের সময় ক্যামেরার মাধ্যমে বাদশাহ ফাহাদ ফাউন্ডেশনের প্রকাশিত কুরআনের কপি ও পৃষ্ঠা নম্বর দেখা যাবে।
