অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা স্টেম সেল ব্যবহার করে প্রথমবারের মতো মানুষের ত্বকের আদলে কৃত্রিম ত্বক তৈরি করেছেন। গবেষণা দলের নেতৃত্ব দিয়েছেন ইরান-জন্ম বিজ্ঞানী ড. আব্বাস শফী।
গবেষণাগারে তৈরি এই ত্বকে রয়েছে রক্তনালি, লোমকূপ, স্নায়ু, টিস্যু স্তর ও রোগ প্রতিরোধক কোষ—যা বাস্তব ত্বকের মতোই কাজ করতে সক্ষম। ফলে পোড়া বা ত্বকজনিত নানা রোগের চিকিৎসায় এটি ব্যবহারের সম্ভাবনা উজ্জ্বল।
ড. শফীর ভাষায়, ‘এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে প্রাণবন্ত কৃত্রিম ত্বকের মডেল’। স্টেম সেলের মাধ্যমে তৈরি এই ত্বককে প্রথমে ক্ষুদ্র সংস্করণে রূপান্তর করে তাতে রক্তনালি ও স্নায়ু যুক্ত করা হয়। ধীরে ধীরে এটি প্রাকৃতিক ত্বকের মতো বিকশিত হয়েছে।
গবেষণা সম্পন্ন করতে বিজ্ঞানীদের সময় লেগেছে প্রায় ছয় বছর। সহগবেষক অধ্যাপক কিয়ারাশ খোসরোতেহরানি বলেন, ‘সোরিয়াসিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস ও স্ক্লেরোডার্মার মতো কঠিন ত্বক রোগের চিকিৎসায় এই মডেল নতুন আশার দিগন্ত খুলে দিতে পারে’।
