কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ৫ ও ৬ মার্চ, রোজ : বৃহস্পতিবার ও শুক্রবার :

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত দু’দিন ব্যাপী ‘সালাফী কনফারেন্স-২০২০’ নানা বাধা-বিপত্তি পেরিয়ে বাংলাদেশের অত্যাধুনিক সিটি পূর্বাচলের অদূরে বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ ময়দানে সফলভাবে অনুষ্ঠিত হয়। ফালিল্লাহিল হামদ। আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ ও রাজশাহীর প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪র্থ বার্ষিক সালাফী কনফারেন্সে আশাতীত মানুষের সমাগম হয়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর ও রাজশাহীসহ বাংলাদেশের প্রতিটি বিভাগের বিভিন্ন জেলা থেকে ভাড়াকৃত বাস, মাইক্রো-বাস, ট্রেন ও লঞ্চসহ বিভিন্ন মাধ্যমে লোকজন সম্মেলনে অংশগ্রহণ করেন।

১ম দিন বাদ আছর আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ-এর ৬ষ্ঠ শ্রেণির ছাত্র হাফেয মাহবূবুর রহমানের কুরআন তেলাওয়াত ও তার সাথীদের আরবী, বাংলা ও ইংরেজীতে অনুবাদের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। ইসলামী সংগীত পেশ করে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর ছাত্র মুশফিকুর রহমান ও তার সহশিল্পীরা। উদ্বোধনী ভাষণ পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ।

ইসলামী সম্মেলনে ১ম দিন পূর্ব নির্ধারিত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, শায়খ আকরামুযযামান বিন আব্দুস সালাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শায়খ ড. ইমাম হোসাইন, ড. ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর, ড. রেজাউল করীম মাদানী, আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, শায়খ মুকাররম বিন মুহসিন মাদানী, শায়খ আব্দুল মালেক আহমাদ মাদানী, বরিশাল সরকারি মডেল কলেজ এর সহকারী অধ্যাপক মুহাম্মাদ মুস্তাফা কামাল, শায়খ তারেক হাসান বিন বেনজির মাদানী, বিশিষ্ট গবেষক ও লেখক আহমাদুল্লাহ বিন আব্দুত তাওয়াব, জনাব আরমান উদ্দীন ও বিশিষ্ট গবেষক শায়খ আযহারুল ইসলাম প্রমুখ। এছাড়া আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ-এর শিক্ষকগণের মধ্যে শায়খ আব্দুল মতীন মাদানী ও শায়খ আহসান হাবীব মাদানী এবং ছাত্রদের মধ্যে কুল্লিয়্যাহ ১ম বর্ষের মামূনুর রশীদ ও দাখিল ফলপ্রার্থী নাঈম গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। এছাড়া আরবী ও ইংরেজিতে বক্তব্য পেশ করেছে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর ৮ম শ্রেণির ছাত্র আব্দুল আযীয।

সালাফী কনফারেন্স ২০২০-এর ২য় দিন বাদ ফজর দারসে কুরআন পেশ করেন আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের প্রিন্সিপাল ও মাসিক আল-ইতিছাম-এর সহকারী সম্পাদক শায়খ আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আল-হুদা শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের ছাত্র-ছাত্রীরা পৃথক পৃথক পারফরমেন্স করে। আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের শিক্ষক শায়খ আহসান হাবীব মাদানীর নেতৃত্বে পৃথক দু’টি নাটিকা মঞ্চস্থ হয়। আর সাড়ে ১০টা থেকে জুম‘আ পর্যন্ত অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। দ্বীনী ভাইয়েরা স্বতস্ফূর্তভাবে তাতে অংশগ্রহণ করেন। জুম‘আর খুৎবা পেশ করেন কনফারেন্সের সম্মানিত সভাপতি শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। বাদ জুম‘আ থেকে আছর পর্যন্ত বিরতি থাকে।

২য় দিন বাদ আছর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম পুনরায় শুরু হয়। কুরআন তেলাওয়াত করে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ-এর ৪র্থ শ্রেণির ছাত্র ওমর ফারূক আর ইসলামী সংগীত পেশ করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মিনারুল ইসলাম নাহিন। এদিন পূর্বনির্ধারিত বিষয়বস্তুসমূহের উপর বক্তব্য পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, ড. আবুবকর মুহাম্মাদ যাকারিয়া, ড. মুযাফফর বিন মুহসিন, ড. মুহাম্মাদ মানযূরে ইলাহী, ড. মুহাম্মাদ সাইফুল্লাহ, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ-এর প্রিন্সিপ্যাল শায়খ আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী, প্রফেসর মুখতার আহমাদ, শায়খ আব্দুর নূর মাদানী, শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, শায়খ হাশেম আলী, ড. মুহাম্মাদ আশরাফ উদ্দীন, শায়খ আব্দুল্লাহ আল-মাছূম বিন সিরাজুল ইসলাম ও শায়খ ইসরাফীল বিন তমীজুদ্দীন প্রমুখ। আরো বক্তব্য পেশ করেন আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ-এর ছাত্রগণের মধ্যে থেকে কুল্লিয়্যা ১ম বর্ষের রঈসুদ্দীন, দাখিল ফলপ্রার্থী ইকরাম ও প্রাক্তন ছাত্র আব্দুল ওয়াহেদ। এছাড়া ইংরেজি বক্তব্য পেশ করে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ফাহিম ও আরবী বক্তব্য পেশ করে হিফয বিভাগের ছাত্র বাসসাম ইবনে আব্দুল আলীম।

ইসলামী সম্মেলনের বিভিন্ন পর্যায়ে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মুহাম্মাদ মুস্তাফা কামাল, শায়খ আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী, ড. ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর ও আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক।

বিদায়ী ভাষণ : সম্মেলনে আগত দ্বীনী ভাইদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বিদায়ী ভাষণ দেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। অতঃপর সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে স্ব-স্ব গন্তব্যে ছহীহ-সালামতে পৌঁছে যাওয়ার জন্য প্রার্থনা করে বৈঠক শেষের দু‘আ পাঠ করেন এবং সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।


Magazine