জীবন্ত মানুষের মস্তিষ্কের কোষ ব্যবহার করে ডেটা সেন্টার তৈরির উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান Cortical Labs। প্রতিষ্ঠানটির তৈরি ‘CL1’ নামের বায়োলজিক্যাল কম্পিউটারে স্টেম সেল থেকে তৈরি প্রায় ২ লাখ মানব নিউরন ব্যবহার করা হয়। এসব নিউরনকে মাইক্রোইলেকট্রোডের মাধ্যমে কম্পিউটার সিস্টেমের সঙ্গে যুক্ত করা হয়েছে। ২০২৬ সালে প্রতিষ্ঠানটি মেলবোর্ন ও সিঙ্গাপুরে এ ধরনের বায়োলজিক্যাল কম্পিউটিং অবকাঠামো তৈরির উদ্যোগের কথা জানিয়েছে। সিঙ্গাপুরে একটি ডেটা-সেন্টার র্যাক ইতোমধ্যে পরিচালিত হচ্ছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একটি CL1 ইউনিট প্রায় ২৫ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে এবং একটি র্যাকের ব্যবহার প্রায় ৮০০–১,০০০ ওয়াট বলে Cortical Labs জানিয়েছে। প্রচলিত কম্পিউটারের মতো শুধু নির্দিষ্ট নির্দেশ অনুসরণ না করে জীবন্ত নিউরনগুলো সংকেতের মাধ্যমে শিখতে ও প্রতিক্রিয়া জানাতে পারে। গবেষকদের লক্ষ হলো কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু কাজ কম শক্তি ব্যবহার করে সম্পন্ন করা। তবে প্রযুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে। এর বড় পরিসরে ব্যবহার, দীর্ঘমেয়াদি স্থায়িত্ব, নির্ভরযোগ্যতা ও নৈতিকতা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
