কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : ঋণগ্রহীতা ঋণ পরিশোধ না করে মারা গেছেন। যদি ঋণদাতা তাকে ক্ষমা করে দেন, তাহলে তিনি কী পরিমাণ ছওয়াব পাবেন?

উত্তর : ঋণগ্রহীতা অস্বচ্ছল ও ঋণ পরিশোধে অপারোগ হলে তাকে ক্ষমা করে দেওয়াই উত্তম। যদি কোনো ঋণদাতা ঋণগ্রহীতার ঋণ মাফ করে দেন, তাহলে আল্লাহ তার দুনিয়ায় চলার পথকে সহজ করে দিবেন এবং পরকালের বিপদ থেকে রক্ষা করবেন। মহান আল্লাহ বলেন, ‘আর ঋণগ্রহীতা যদি অস্বচ্ছল হয়, তাহলে তাকে স্বচ্ছলতা ফিরে আসা পর্যন্ত সময় দিতে হবে। আর ছাদাক্বাহ করে দেওয়াই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা জানতে’ (বাক্বারাহ, ২৮০)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুমিনের দুনিয়ার কষ্টসমূহ হতে কোনো কষ্ট দূর করে দিবে, আল্লাহ তা‘আলা তার ক্বিয়ামতের কষ্টসমূহের মধ্য হতে কোনো কষ্ট দূর করে দিবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত লোকের অভাব সহজ করে দিবে, আল্লাহ তা‘আলা দুনিয়া ও আখেরাতে তার অভাব সহজ করে দিবেন...’ (ছহীহ মুসলিম, হা/২৬৯৯; মিশকাত, হা/২০৪)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এক ব্যক্তি লোকদেরকে ঋণ দিত। সে কর্মচারীদেরকে বলত, কোনো ব্যক্তিকে ঋণ পরিশোধে অক্ষম দেখলে তাকে ক্ষমা করে দিয়ো। হয়তো এ কাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঐ ব্যক্তি মৃত্যুবরণ করার পর আল্লাহর নিকট পৌঁছলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন’ (ছহীহ বুখারী, হা/৩৪৮০; ছহীহ মুসলিম, হা/১৫৬২; মিশকাত, হা/২৯০১)।

-সাকিবুল ইসলাম

চারঘাট, রাজশাহী।


Magazine