কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষ উদযাপন: ইসলাম কী বলে?

post title will place here

প্রতি বছর যখন শীতের তীব্রতা বাড়তে থাকে, ঠিক তখনই ক্যালেন্ডারের পাতায় আসে একটি বিশেষ রাত, যার নাম থার্টি ফার্স্ট নাইট (31st Night)। গ্রেগরিয়ান বর্ষপঞ্জির শেষ দিন ও নতুন বছরের সূচনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে এই রাত উদযাপন করা হয় উৎসবমুখর পরিবেশে। আতশবাজির আলো, ঝলমলে সাজসজ্জা, নাচগান, কনসার্ট সব মিলিয়ে এ রাতটি অনেক দেশের কাছে বছরের অন্যতম বড় আনন্দঘন মুহূর্ত। এর প্রভাব আজ আমাদের সমাজেও দৃশ্যমান। বিশেষ করে তরুণ সমাজের কাছে থার্টি ফার্স্ট নাইট যেন বছরের সবচেয়ে বড় উৎসবে পরিণত হয়েছে। অনেকের কাছে এটি নিছক বিনোদন হিসেবে স্বাভাবিক ও নৈমিত্তিক ব্যাপার মনে হলেও বাস্তবে এই উদযাপনের মাধ্যমে বাঙালি মুসলিম সমাজে যে ধর্মহীনতার বীজ বপন করা হচ্ছে, তা এখন স্পষ্ট হয়ে উঠছে।

ফলে পশ্চিমা বিশ্ব থেকে আগত এই উৎসবের ধরন নিয়ে আমাদের মুসলিম সমাজে বহু বছর ধরেই বিতর্ক চলছে। এই উৎসবের একদিকে রয়েছে আনন্দ–উল্লাস, আধুনিকতার হাতছানি; অন্যদিকে রয়েছে নৈতিকতা, শালীনতা ও ধর্মীয় বিধিনিষেধের প্রশ্ন।

কিন্তু কেন এই বিতর্ক? কেন থার্টি ফার্স্ট নাইটকে ইসলাম সমর্থন করে না? এ নিয়ে অনেকের মধ্যেই রয়েছে প্রশ্ন ও বিভ্রান্তি। আমাদের সমাজের উদার মানসিকতার অনেক মানুষ এটিকে পুরোপুরি ‘স্বাভাবিক’ ও ‘গুরুত্বহীন’ বলে মনে করেন। কিন্তু বাস্তবতা হলো পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত এই উদযাপন কখনোই ইসলাম অনুমোদন করে না।

কারণ একজন মুসলিমের জীবনে-আনন্দ হোক বা দুঃখ, উৎসব হোক বা শোক— সবকিছুই ইসলামের নির্দেশনার আলোকে পালন করা বাধ্যতামূলক। ইসলাম আমাদেরকে শুধু ছালাত-ছিয়াম নয়, বরং জীবনযাপনের প্রতিটি ক্ষুদ্র বিষয়েরই সঠিক দিকনির্দেশনা দিয়েছে। তাই একজন মুমিনের উচিত, যেকোনো উৎসব বা আনন্দ উদযাপনের ক্ষেত্রেও ইসলামের মাপকাঠি অনুসরণ করা।

এই প্রেক্ষাপটে থার্টি ফার্স্ট নাইট আসলে কী? এর উৎস কোথায়? ইসলাম এ ব্যাপারে কী বলে? একজন সচেতন মুসলিমের এ রাতে কী করা উচিত? এই সব প্রশ্নের উত্তর আমরা ইসলামী শরীআতের আলোকে পরিষ্কারভাবে বিশ্লেষণ করব এই কলামে। আমাদের লক্ষ্য কারও ব্যক্তিগত স্বাধীনতার বিরোধিতা নয়; বরং মুসলিম সমাজের নৈতিকতা, মূল্যবোধ ও ঈমান রক্ষার প্রয়োজনীয়তাকে সামনে এনে একটি ভারসাম্যপূর্ণ, যুক্তিসংগত ও ইসলামসম্মত দৃষ্টিভঙ্গি তুলে ধরা।

থার্টি ফার্স্ট নাইটের উৎপত্তি

থার্টি ফার্স্ট নাইটের শেকড় খুঁজতে গেলে দেখা যায়, এটির উৎস খুব একটা ধর্মীয় বা আধ্যাত্মিক নয়; বরং এটি একেবারেই পশ্চিমা, ধর্মনিরপেক্ষ ও বিনোদননির্ভর সংস্কৃতির অংশ। রোমান সম্রাট জুলিয়াস সিজার যখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করেন, তখন থেকেই ১ জানুয়ারিকে নতুন বছর হিসেবে ধরা শুরু হয়। যদিও তখনও দিনটি ধর্মীয় কোনো উৎসব ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে পাশ্চাত্য সমাজে নববর্ষ বরণ এক বিশাল আনন্দ-উৎসবে পরিণত হয়, যেখানে নাচগান, পানাহার, বিনোদন আর উল্লাসই প্রধান উপাদান হয়ে উঠে। ফলে থার্টি ফার্স্ট নাইট হয়ে গেছে এমন এক সংস্কৃতি, যেখানে নৈতিকতা বা ধর্মীয় বিধিনিষেধের কোনো বাধা থাকে না; বরং এর কেন্দ্রবিন্দুতে থাকে শুধু আনন্দ ও বিনোদনের চরম প্রকাশ।

বাংলাদেশে থার্টিফার্স্ট নাইটের যাত্রা:

বাংলাদেশে প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও এদেশের সমাজব্যবস্থা তুলনামূলকভাবে উদার ও সংস্কৃতিপ্রবণ। তাই পশ্চিমা সংস্কৃতির ঢেউ এখানে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় নেয়নি। যে কারণে আমাদের দেশে থার্টি ফার্স্ট নাইটের প্রকৃত প্রসার ঘটে ২০০০ সালে সহস্রাব্দ বরণ উপলক্ষ্যে। সেদিন রাজধানীসহ বিভিন্ন বড় শহরে নতুন সহস্রাব্দ উদযাপনে আতশবাজি, কনসার্ট, খোলা আকাশের নিচে পার্টি এবং বিভিন্ন আয়োজন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তরুণ প্রজন্ম, বিশেষ করে ধর্মীয় মূল্যবোধে শিথিল উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্ত পরিবারের যুবক-যুবতিরা এই আয়োজনে ব্যাপকভাবে আকৃষ্ট হয়। এর পর থেকে প্রতি বছর ৩১ ডিসেম্বর রাতটি নাচগান, হৈচৈ, রাস্তায় ভিড়, উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম, খোলামেলা পার্টি এবং অনেক ক্ষেত্রেই সীমালঙ্ঘনের মাধ্যমে একটি সমস্যা সৃষ্টিকারী সাংস্কৃতিক ট্রেন্ডে পরিণত হয়।

ফলে সমাজে শুধু ধর্মীয় অবক্ষয়ই নয়; বরং নৈতিকতা, নিরাপত্তা ও জনশৃঙ্খলার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ে। বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বিধর্মী সংস্কৃতির অন্ধ অনুকরণ এবং তথাকথিত উদার মনে ধর্মহীন গোষ্ঠীর প্রচার থার্টি ফার্স্ট নাইটের প্রসারকে আরও ত্বরান্বিত করেছে। যার ফলে প্রতিনিয়ত এই অপসংস্কৃতির চর্চা বেড়েই চলছে।

বাংলাদেশে থার্টি ফার্স্ট নাইট উদযাপন:

আধুনিকতার নাম করে এবং পাশ্চাত্যের অন্ধ অনুকরণে বাংলাদেশে দিনদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপনের প্রবণতা বাড়ছে। এর মূল কারণ ধর্মীয় অজ্ঞতা, মূল্যবোধের সংকট ও পশ্চিমা সংস্কৃতির প্রতি অতিমাত্রায় আকর্ষণ। দেশজুড়ে এই রাতকে কেন্দ্র করে যেসব কর্মকাণ্ড দেখা যায়, তার কিছু প্রধান দিক নিচে তুলে ধরা হলো—

১. সড়কে তরুণদের ভিড় ও মোটরসাইকেল শোডাউন: প্রতি বছর ৩১ ডিসেম্বর রাত ঘনিয়ে এলে বড় শহরের সড়কগুলোতে তরুণদের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে মোটরসাইকেলের শোডাউন, হর্ন বাজানো, বেপরোয়া স্টান্ট—এসব যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। এর ফলে দুর্ঘটনা, বিশৃঙ্খলা ও জনভোগান্তি বেড়ে যায়।

২. হোটেল–রিসোর্ট ও ক্লাবে ডিজে পার্টি: বিভিন্ন হোটেল, রিসোর্ট ও ক্লাবে ডিজে পার্টি, কাউন্টডাউন অনুষ্ঠান, নাচগানসহ নানা আয়োজন করা হয়। খোলামেলা পরিবেশ, শালীনতা বিবর্জিত আচরণ ও বেহায়াপনার বহিঃপ্রকাশ সবই থাকে এসব আয়োজনে। আর এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য অনেকে বিশেষ প্যাকেজ বুক করে এসব পার্টিতে অংশ নেয়।

৩. উন্মুক্ত স্থানে আতশবাজি ও উচ্চ শব্দের গান: ঢাকা, চট্টগ্রামসহ বড় শহর, কলেজ ক্যাম্পাস ও পর্যটন এলাকায় মধ্যরাতে আতশবাজি ফোটানো, ফানুস উড়ানো, উচ্চ শব্দে গান বাজানো—এসব প্রায় সাধারণ ঘটনা। যা শুধু শব্দদূষণই সৃষ্টি করে না, বরং প্রতিবেশী ও বয়স্কদের জন্যও হয় বিরক্তিকর।

৪. সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকা: থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তরুণ-তরুণীরা লাইভে আসে, ছবি-ভিডিও পোস্ট করে এবং এক ধরনের ডিজিটাল প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। কে কত আকর্ষণীয় উদযাপন দেখাতে পারবে- এটাই যেন তাদের উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। এর মাধ্যমে আত্মপ্রদর্শন ও মূল্যবোধ হারানোর প্রবণতা স্পষ্ট হয়।

৫. হোটেল-রেস্টুরেন্টে বিশেষ ডিনার নাইট: বেশিরভাগ হোটেল ও রেস্টুরেন্টে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে বিশেষ ডিনারের আয়োজন থাকে। পরিবার, দম্পতি, এমনকি কিশোর-তরুণ জুটিও সেখানে গিয়ে কেক কাটে, গান শোনে এবং সম্পূর্ণ পশ্চিমা ধাঁচে নতুন বছরকে স্বাগত জানায়।

৬. পর্যটন এলাকায় ভিড় ও অনিয়ন্ত্রিত আচরণ: কক্সবাজার, সেন্টমার্টিন, সিলেট, বান্দরবানসহ পর্যটন এলাকায় থার্টি ফার্স্ট নাইটে বিপুল ভিড় জমে। বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী জুটির অনিয়ন্ত্রিত চলাফেরা, বেপরোয়া আচরণ এবং শালীনতা বিবর্জিত কর্মকাণ্ড সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক।

৭. নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হওয়া: কিছু স্থানে থার্টি ফার্স্ট নাইটের আড়ালে মদ্যপান, অশ্লীলতা এবং অনৈতিক সম্পর্কভিত্তিক কর্মকাণ্ডও দেখা যায়, যা তরুণ সমাজকে বিপথে ঠেলে দেয় এবং সামগ্রিকভাবে সামাজিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলে।

৮. পরিবারভিত্তিক ঘরোয়া অনুষ্ঠান: অনেক পরিবার ঘরে বসে টিভিতে স্পেশাল প্রোগ্রাম দেখে, কেক কাটে বা ছোটখাটো সাজসজ্জা করে নতুন বছরকে স্বাগত জানায়। যদিও এটি তুলনামূলক শালীন, তবে পশ্চিমা সংস্কৃতির প্রভাব এখানেও পরোক্ষভাবে বিদ্যমান।

থার্টি ফার্স্ট নাইট উদযাপনে সমস্যা কোথায়?

আমাদের দেশে অনেক মুসলিমই ইসলামকে জানার চেষ্টা না করে শুধু সমাজের মানুষের দেখাদেখি ধর্ম পালন করেন। কুরআন–সুন্নাহর আলোকে বিচার-বিশ্লেষণের সাহস ও অভ্যাস যেহেতু নেই, তাই থার্টি ফার্স্ট নাইটের মতো ইসলামবিরোধী উৎসবও উদারতার দোহাই দিয়ে স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছে। এ কারণেই আমাদের প্রয়োজন ইসলামী দৃষ্টিকোণ থেকে এই উদযাপনের সমস্যাগুলো পরিষ্কারভাবে বুঝা।

১. বিধর্মীদের অন্ধ অনুকরণ: ইসলাম একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। একজন মুসলিমের জীবনধারা, আনন্দ–উৎসব, পোশাক–পরিচ্ছদ, সামাজিক আচার-আচরণ সবই ইসলামের নির্দেশনা অনুযায়ী হওয়া উচিত। আর ইসলামের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো- বিধর্মীদের বিশেষ আচার–অনুষ্ঠান ও সংস্কৃতি অন্ধভাবে অনুকরণ করা হারাম।

এই বিষয়ে কুরআনের স্পষ্ট সতর্কবার্তা হচ্ছে, وَلَا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ ‘আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না’ (আর-রূম, ৩০/৩১)। একইভাবে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীছে বলা হয়েছে,مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‘যে ব্যক্তি অন্য কোনো সম্প্রদায়ের অনুকরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে’।[1]

উপরিউক্ত কুরআন ও হাদীছের ব্যাখ্যায় আলেমগণ বলেছেন, অন্য কোনো সম্প্রদায়ের বিশেষ ধর্মীয় রীতি, প্রতীক, পোশাক বা সাংস্কৃতিক উৎসব অনুসরণ করা নিষিদ্ধ। কারণ এতে মুসলিমের স্বকীয়তা নষ্ট হয় এবং অন্য ধর্ম ও সংস্কৃতির প্রতি অনুগত হওয়ার ঝুঁকি থাকে।

থার্টি ফার্স্ট নাইটের বর্তমান উদযাপন, ডিজে পার্টি, মদ্যপান, মিক্সড গ্যাদারিং—এ সবই পশ্চিমা, খ্রিষ্টান-উদ্ভূত, ধর্মহীন সংস্কৃতির বৈশিষ্ট্য। এগুলোতে অংশ নেওয়া সরাসরি ওই নিষেধাজ্ঞার মধ্যে পড়ে।

২. নারী-পুরুষের অবাধ মেলামেশা: থার্টি ফার্স্ট নাইটের প্রধান আকর্ষণই হলো নারী-পুরুষ মিক্সড গ্যাদারিং, হোটেল-পার্টি, ক্লাব, ক্যাম্পাস, রাস্তাঘাট সব জায়গায় নারী-পুরুষের অবাধ চলাফেরা। ইসলাম এখানে অত্যন্ত সতর্ক। তাই পুরুষ ও নারীর পর্দা, শালীনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখা ইসলামে কঠোরভাবে নির্দেশিত। যেখানে রাতভর এমন অবাধ মেলামেশা ও ফ্রি-মিক্সিং চলে, সেই উৎসব কোনো মুসলিমের জন্য গ্রহণযোগ্য নয়।

৩. অশ্লীলতা, নাচগান ও মদ্যপান: থার্টি ফার্স্ট নাইট মানেই উচ্চ শব্দের গান, নাচগান, ডিজে পার্টি, মদ্যপান, নেশা ও অশ্লীল আচরণ। এসবই ইসলামের দৃষ্টিতে হারাম এবং বড় ধরনের গুনাহ। বিশেষত, গানবাজনা ও মাদক সেবন সম্পর্কে কুরআন ও হাদীছে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। 

৪. রাতভর বেহুদা সময় অপচয়: ইসলামে একজন মুমিনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। কিন্তু এই রাতে অতি মূল্যবান সময় ইবাদত বা উপকারী কাজে ব্যয় না করে রাস্তায় ঘোরাঘুরি, হৈচৈ, পার্টি করা, বেহুদা আড্ডা দেওয়া ইত্যাদির মাধ্যমে সময় নষ্ট করা হয়, যা ইসলামের দৃষ্টিতে একটি নিন্দনীয় অপরাধ। 

৫. হারাম সম্পর্ক ও অনৈতিক আচরণের ইন্ধন: থার্টি ফার্স্ট নাইটের সুযোগে অনেক কিশোর-কিশোরী বা তরুণ-তরুণী হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। বিশেষত, প্রেমিক-প্রেমিকা জুটির অবাধ ঘোরাফেরা, পর্যটন এলাকায় বেহায়াপনা, রাতভর হোটেল বা রিসোর্টে সময় কাটানো—এসবই ধর্মীয় দৃষ্টিতে স্পষ্ট নিষিদ্ধ এবং নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ।

৬. সামাজিক নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলা: এই রাতে সাধারণত দেখা যায় বেপরোয়া মোটরসাইকেল চালানো, অতিরিক্ত শব্দদূষণ, মাতাল অবস্থায় গোলযোগ, রাস্তায় বিশৃঙ্খলা ইত্যাদির কারণে সামাজিক নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার প্রবণতা বৃদ্ধি পায়। এ কারণে আইন-শৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত সতর্ক থাকতে হয়। অর্থাৎ সামাজিক দৃষ্টিকোণ থেকেও এটি সমস্যা সৃষ্টিকারী ও ক্ষতিকর।

উপরিউক্ত নৈতিক, ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায়- থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে যেসব আচরণ ও উৎসব পালন করা হয়, তার একমাত্রিক ফলাফল হচ্ছে ইসলামবিরোধী কার্যকলাপ বৃদ্ধি, মূল্যবোধের অবক্ষয় এবং ঈমান ও আমলের ক্ষতি। সুতরাং যে মুসলিম এইসব আয়োজনে শরীক হয়, সে অবশ্যই ইসলামের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে এবং গুনাহের কাজে অংশগ্রহণ করে।

বছর পরিবর্তনের ইসলামী শিক্ষা কী?

থার্টি ফার্স্ট নাইটের বেহায়াপনা ও অবক্ষয়ের বিপরীতে ইসলাম বছর পরিবর্তনকে একেবারে ভিন্ন দৃষ্টিতে দেখে। ইসলামে সময় কোনো খেলাচ্ছলে নষ্ট করার উপকরণ নয়, বরং জীবন নামক মূলধনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বুঝাতে কুরআনে সময়ের কসম করে বলেছেন, وَالْعَصْرِ-إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ ‘সময়ের কসম! নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত’ (আল-আছর, ১০৩/১–২)

এই আয়াত দেখিয়ে দেয়, সময় পার হওয়া মানেই জীবনের একটি অংশ কমে যাওয়া। তাই বছর পরিবর্তন ইসলামে আনন্দ-উচ্ছ্বাসে রাতভর সময় নষ্ট করার বিষয় নয়, বরং তা গভীর আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির মুহূর্ত। গত বছরে কোথায় ভুল করেছি, কার অধিকার নষ্ট করেছি, কত ইবাদত অপূর্ণ রেখেছি—এগুলোই হওয়া উচিত একজন মুমিনের ভাবনার কেন্দ্রবিন্দু। নতুন বছর মানে নতুন আমল, নতুন নিয়্যত ও নতুন পরিবর্তন।

একজন মুসলিমের লক্ষ্য হওয়া উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, চরিত্রের সংশোধন, গুনাহ থেকে দূরে থাকা এবং সৎকাজে অগ্রসর হওয়া। বছর পাল্টালে প্রকৃত উন্নতি হয় না; বরং আসল উন্নতি তখনই হয়, যখন আমাদের আমল, অভ্যাস ও নৈতিকতা বদলায়। এজন্য ইসলামের শিক্ষা হচ্ছে নতুন বছর উদযাপনে নয়, বরং নিজের পরিবর্তনে মনোযোগ দেওয়া।

মুসলিমরা কী করবে?

ইসলামে দুইটি ঈদ ছাড়া নির্দিষ্ট কোনো বার্ষিক উৎসব বা বছর পরিবর্তনের বিশেষ কোনো অনুষ্ঠান নেই। তবুও একজন মুমিনের উচিত বিধর্মীদের অপসংস্কৃতির বিপরীতে বছর পরিবর্তনকে আত্মশুদ্ধি, ইবাদত ও আত্ম-উন্নয়নের মাধ্যমে অর্থবহ করে তোলা। ৩১ ডিসেম্বর রাতটি নাচগান, হৈচৈ বা বেহুদা উৎসবের রাত নয়; বরং এটি হতে পারে আত্মসমালোচনার গভীর এক মুহূর্ত।

একজন মুসলিমের প্রথম করণীয় হলো আত্মসমালোচনা ও তওবা করা। গত এক বছরে যে ভুলগুলো হয়েছে, যে গুনাহগুলো ইচ্ছায় বা অনিচ্ছায় হয়েছে, সেগুলোর জন্য আল্লাহর কাছে আন্তরিক অনুশোচনা প্রকাশ করা এবং প্রকৃত তওবা করা। পাশাপাশি নতুন বছরের জন্য ইবাদত, চরিত্র সংশোধন ও নৈতিক উন্নতির একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করা।

মুমিনের নতুন বছরের পরিকল্পনায় থাকতে পারে নিয়মিত কুরআন তেলাওয়াত ও অর্থ বুঝার চেষ্টা করা, বেশি বেশি দান-ছাদাক্বা করা। চরিত্র গঠন, দয়ামায়া প্রকাশ, সত্যবাদিতা ও উত্তম আচরণ চর্চা করা। পরিবার, সমাজ ও প্রতিবেশীর অধিকার আদায়ের দৃঢ় অঙ্গীকার করা। নিজের সময়কে অপচয় থেকে বাঁচিয়ে কল্যাণকর কাজে ব্যয় করা। এভাবেই একজন মুসলিম বছর পরিবর্তনকে অর্থবহ করে তুলতে পারে, যা থার্টি ফার্স্ট নাইটের বেহুদা আনন্দ-উল্লাসের সম্পূর্ণ বিপরীত।

থার্টি ফার্স্ট নাইটের নেতিবাচক প্রভাব কমাতে করণীয়:

থার্টি ফার্স্ট নাইটের সামাজিক ক্ষতি কমাতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। শুধু ব্যক্তিগত সচেতনতা নয়; বরং পরিবার, সমাজ, আলেম-উলামা, মিডিয়া সবারই দায়িত্ব রয়েছে।

১. পরিবার ও সমাজের ভূমিকা: পরিবারের মুরুব্বীদের উচিত সন্তানদের সঙ্গে খোলামেলা আলোচনা করে এই রাতের অশ্লীলতা, নৈতিক অবক্ষয় ও ইসলামী বিধিনিষেধ সম্পর্কে নছীহত করা। 

২. ইসলামী সংগঠন ও আলেমদের ভূমিকা: মসজিদ, মাদরাসা ও ইসলামী সংগঠনগুলোর উচিত ওয়ায, আলোচনা সভা ও সেমিনারের মাধ্যমে থার্টি ফার্স্ট নাইটের বাস্তব চিত্র তুলে ধরা। একইসঙ্গে ইসলামের দৃষ্টিতে করণীয় ও নৈতিকতার বার্তা প্রচার করা।

৩. মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা: মিডিয়াগুলোর উচিত বাণিজ্যিক শো, কনসার্ট বা নিউ ইয়ার অফারের প্রচারে উৎসাহ না দিয়ে; বরং নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ ও সুস্থ ধারার সংস্কৃতি প্রসারে ভূমিকা রাখা। সমাজকে বিভ্রান্ত না করে সঠিক পথ দেখানোই মিডিয়ার প্রকৃত দায়িত্ব।

৪. তরুণ প্রজন্মকে সঠিক জ্ঞান প্রদান: তরুণরা সবচেয়ে বেশি প্রভাবিত হয় পশ্চিমা সংস্কৃতির ঝলমলে উপস্থাপনায়। তাদের কাছে ইসলামী সভ্যতা, সংস্কৃতি ও মূল্যবোধের সৌন্দর্য তুলে ধরা জরুরী, যাতে তারা অন্ধ অনুকরণ নয়; বরং সুস্থ বিনোদনের দিকে ধাবিত হয়।

শেষ কথা:

থার্টি ফার্স্ট নাইটকে ইসলামের আলোকে বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝা যায় যে, ইসলাম আনন্দ নিষিদ্ধ করেনি; কিন্তু আল্লাহর সীমারেখা লঙ্ঘন ও নৈতিক অবক্ষয়ের আনন্দকে কখনোই ইসলাম অনুমোদন করে না। পশ্চিমা অনুকরণে রাতজাগা উৎসব কোনো মুসলিমের আনন্দ নয়; বরং এটি সময় নষ্টের শয়তানী ফাঁদ ও ঈমানের দুর্বলতার প্রতিফলন।

তাই একজন মুসলিমদের প্রকৃত প্রয়োজন হলো আত্মশুদ্ধি, সময়কে মূল্যায়ন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নৈতিকভাবে শক্তিশালী হওয়া। তাই আসুন! আমরা নতুন বছরকে আতশবাজি ফুটিয়ে বা উল্লাস করে নয়; বরং তওবা, ইবাদত ও জীবনের নতুন রোডম্যাপ তৈরির মুহূর্ত হিসেবে গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফীক্ব দান করুন- আমীন!

-সাখাওয়াতুল আলম চৌধুরী*

 পতেঙ্গা, চট্টগ্রাম।


[1]. আবূ দাঊদ, হা/৪০৩১।

Magazine