ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মরো মুসলিমদের স্বায়ত্তশাসনই বাস্তবায়ন হতে যাচ্ছে। এ বিষয়ে সম্প্রতি সেখানে গণভোট নেয়া হয়েছিল। বেসরকারি কিছু ফলাফলে বলা হচ্ছে, সেখানে হ্যাঁ ভোট জয়ী হতে যাচ্ছে। এর ফলে সেখানে ব্যাপক স্বায়ত্তশাসন প্রদানে একটি আইন প্রণয়ন করা যাবে। ম্যাগুইন্দানাও, ল্যানাও ডেল সুর প্রদেশ, দ্বীপ প্রদেশ ব্যাসিলান, টাভিটাভি ও সুলুতে ভোট গ্রহণ করা হয়। এ ছাড়া কোটাবাটো ও ইসাবেলাও ভোট নেয়া হয়েছিল। প্রথম পাঁচটি প্রদেশ স্বশাসিত ও মুসলিমপ্রধান অঞ্চল মিন্দানাওয়ে (এআরএমএম) অবস্থিত। আর বাকি দু’টি শহর এর বাইরে অবস্থিত।
গণভোটে ভোটারদের প্রতি প্রশ্ন রাখা হয়েছিল, তারা কি বাংসামোরো অর্গানিক ল (বিওএল) অনুসারে এআরএমএমকে নতুন ‘বাংসামোরো অটোনোমাস রিজিয়ন ইন মুসলিম মিন্দানাওয়ে’র (বিএআরএমএম) পরিবর্তন করতে চান কি না। যদি এ বিলটি অনুমোদন লাভ করে তাহলে বিএআরএমএম গঠিত হবে। কোটাবাটো শহরের গণভোট কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী, ওই শহরের ভোট গণনা শেষ হয়েছে। এ ক্ষেত্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৬ হাযার ৬৮২টি, ‘না’ ভোট পড়েছে ২৪ হাজার ৯৯৪টি। এ ভোটের প্রচারণা চলার সময় কোটাবাটো ও ইসাবেলাকে খুবই গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে বিবেচনা করা হচ্ছিল। ভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে এ দু’টি শহরও বিএআরএমএমের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
