পদ্মাপারের রূপপুরে এক নতুন ইতিহাসের সূচনা হয়েছে। গত ২৮ এপ্রিল, ২০২৬ ইং, রোজ মঙ্গলবার বিকেলে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর অভিজাত ক্লাবে ৩৩তম সদস্য হিসেবে সগৌরবে নাম লেখালো বাংলাদেশ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং রাশিয়ার কারিগরি সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্পের জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন করেন সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুল্লিপাত্রে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপনের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। লোডিং প্রক্রিয়া শেষে শুরু হবে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও নিয়ন্ত্রণাধীন ফিশন বিক্রিয়া, যা বৈজ্ঞানিক ভাষায় ‘ফার্স্ট ক্রিটিকালিটি’ নামে পরিচিত। কর্মকর্তারা জানিয়েছেন, সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে আগামী আগস্ট নাগাদ পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। ২০২৭ সালের শুরুর দিকে প্রথম ইউনিটটি ১২০০ মেগাওয়াট পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। ১২.৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই মেগা প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কার্বন নিঃসরণমুক্ত টেকসই উন্নয়নের পথে এক বিশাল পদক্ষেপ।
