দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া। মুসলিম প্রধান হওয়ার কারণেই দেশটির অনেক যুবক কুরআনে হাফেয হয়েছেন। অনেকেই খুব অল্প বয়সেই ৩০ পারা কুরআন সম্পূর্ণ মুখস্থ করেন। আর এবার সেই কাজের পুরস্কার পেতে চলেছেন সেই হাফেযরা। ইন্দোনেশিয়ার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কুরআনে হাফেযদের পরীক্ষা ছাড়াই ভর্তির সুযোগ করে দিচ্ছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, ‘সফলতার পথ’ নামক একটি কর্মসূচির অধীনে তারা এই সুবিধা পাবেন। যার আলোকে নির্দিষ্ট কিছু বিষয়ে হাফেয ছাত্ররা ভর্তি হতে পারবে। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শতকরা ১১ শতাংশ ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় কুরআনে হাফেযদের জন্য বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ উন্মুক্ত হয়েছে। কুরআনে হাফেযদের জন্য বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ করে দেয়ার তালিকায় ইন্দোনেশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয় রয়েছে। ঐ তালিকায়- বোগোর কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও বেশ কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয় রয়েছে।
