কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আফ্রিকায় দুর্ভিক্ষের ঝুঁকিতে ৫ কোটি মানুষ

একদিকে করোনা মহামারি, অন্যদিকে পঙ্গপালের হানা। প্রতিদিনই বাড়ছে গৃহযুদ্ধ কবলিত আফ্রিকার মানুষের দুর্দশা। করোনার ভয়ে যেমন মানুষ ঘর থেকে বের হতে পারছে না, তেমনি বিঘ্নিত হচ্ছে ত্রাণ সহায়তাসহ সব ধরনের সেবাও। এই সময়ে শেষ হয়ে যাচ্ছে মানুষের ঘরে জমানো খাদ্য। অন্যদিকে ফসলখেকো পঙ্গপালের হানায় বিলীন হচ্ছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। তাই ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে গোটা আফ্রিকা মহাদেশে। করোনা ভাইরাসের কারণে আফ্রিকা মহাদেশের প্রায় পাঁচ কোটি মানুষ মারাত্মক রকমের দুর্ভিক্ষে পড়তে পারে। আফ্রিকান উন্নয়ন ব্যাংক বা এএফডিবি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকা মহাদেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এরই মধ্যে আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে কম আয়ের মধ্যে রয়েছে এবং এ পরিস্থিতি আরো মারাত্মক আকার ধারণ করতে পারে। অন্যদিকে পঙ্গপালে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে রয়েছে কেনিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া। এছাড়াও রয়েছে জিবুতি, ইরিত্রিয়া, দক্ষিণ সুদান, উগান্ডা ও তাঞ্জানিয়া। জাতিসংঘের কৃষি ও খাদ্য বিষয়ক অধিদপ্তর (FAO) বলেছে, জুনে পঙ্গপালের প্রকোপ অন্তত ৫০০ গুণ বৃদ্ধি পেয়েছে। আফ্রিকার আড়াই কোটি মানুষ এরই মধ্যে পঙ্গপালের কারণে খাদ্য সঙ্কটে পড়েছে। উল্লেখ্য, ওশেনিয়া অঞ্চলের পরেই আফ্রিকা মহাদেশ হচ্ছে করোনা ভাইরাসের মহামারিতে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত অঞ্চল। এ মহাদেশে এ পর্যন্ত পাঁচ লাখ মানুষ সংক্রমিত হয়েছে এবং ১১ হাজার ৭০০ মানুষ মারা গেছে।


Magazine