অভিনব ডিজাইনে পবিত্র কুরআনের আয়াতের ক্যালিগ্রাফি করে প্রশংসায় ভাসছেন ফুয়াদ কোইচি হন্ডা নামের জাপানের এক চিত্রশিল্পী। এই ক্যালিগ্রাফি শিক্ষা তাকে ইসলামের পথে নিয়ে আসে। চিত্তাকর্ষক ও চোখ-জুড়ানো চিত্রশিল্পের জন্য আগে থেকেই বেশ পরিচিত ছিলেন টোকিওতে জন্মগ্রহণকারী ডিটো বুংকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। তবে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত, হাদীছে নববীর নানা অংশ ও আরবীতে একাধিক চিত্রকর্মের ফলে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি। কয়েক দশক আগে ফুয়াদ কোইচি আরবী ভাষা শেখা শুরু করেন। একসময় আরবীতে কুরআন পাঠ তাকে আরবী ক্যালিগ্রাফির প্রতি দুর্বল ও আগ্রহী করে তোলে। তার ভাষায়, কুরআনের ক্যালিগ্রাফি ‘শব্দহীন সংগীত’। ফুয়াদ কোইচি জানান, এর কিছুদিন পরই মহান আল্লাহকে অনুভব করতে এবং এই ঈমানের মণিমাণিক্য অনুধাবণের জন্য আমি পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করি। আর এখন আমার কাজ জাপানি পদ্ধতিতে ইসলাম ও ইসলামী সংস্কৃতি সবার কাছে উপস্থাপন করা।
