নাগরিক নিবন্ধন নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই নাগরিকত্বের ‘সন্দেহজনক’ (ডি-ভোটার) তালিকায় থাকা প্রায় ২০ হাজার মানুষকে এরইমধ্যে ‘বিদেশী’ ঘোষণা করেছে আসাম। ২০১৭ সালের অক্টোবর মাস পর্যন্ত পরিসংখ্যান বিশেস্নষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের ‘ফরেনার ট্রাইব্যুনাল’।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) তালিকার প্রথম খসড়া প্রকাশ করে আসামের রাজ্য সরকার। প্রকাশিত খসড়া তালিকায় স্থান হয়নি প্রায় ১ কোটি ৩৯ লাখ বাসিন্দার। যাচাই বাছাই শেষে তাদের নাম পরবর্তী ধাপের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। কিরেন রিজিজু জানান, ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল ১৯,৬১২ জন সন্দেহজনক ভোটারকে বিদেশী ঘোষণা করেছে। যেসব মানুষকে ফরেনার ট্রাইব্যুনালে বিদেশী ঘোষণা করা হবে তাদের জন্য একমাত্র উপায় হবে হাইকোর্ট কিংবা সুপ্রিমকোর্টের শরণাপন্ন হওয়া। কেবল ঐ দুই বিচারিক প্রতিষ্ঠানেরই ফরেনার ট্রাইব্যুনালের রায় পরিবর্তন করার এখতিয়ার আছে।
