করোনা ভাইরাসের প্রভাবে পশ্চিমা বিশ্বের দেশগুলো একের পর এক লকডাউন ঘোষণা করছে। বিক্রয়কেন্দ্র বন্ধ ঘোষণা করছে পোশাকের ব্র্যান্ডগুলো। এ পরিস্থিতিতে ভোক্তা চাহিদায় ব্যাপক প্রভাব পড়েছে। কিন্তু বাজার চাহিদার এ পরিস্থিতিতে নতুন ক্রয়াদেশ দিচ্ছে না ক্রেতারা। এরই মধ্যে দেওয়া ক্রয়াদেশগুলোর পরিমাণ কমাচ্ছে। চলমান ক্রয়াদেশগুলোর উৎপাদন থেকে বিরত থাকতে বলছে ক্রেতারা।
বাংলাদেশের পোশাক শিল্প সংশ্লিষ্ট সংগঠন বিজিএমইএ তথ্যমতে, ১ হাজার ৮২ কারখানায় প্রায় ২ দশমিক ৯৫ বিলিয়ন ডলার বা ২৯৫ কোটি ডলারের ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হয়েছে। বাংলাদেশী মুদ্রায় যা ২৫ হাজার কোটি টাকার বেশি। এসব ক্রয়াদেশের আওতায় ছিল ৯৩ কোটি ২৬ লাখ পিস পোশাক। এসব প্রতিষ্ঠানের আওতায় আছে ২১ লক্ষাধিক শ্রমিক। মে ও জুন মাসের অর্ডারও বাতিল করছেন ক্রেতারা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় এই বাতিলের পরিমাণ আরও দীর্ঘমেয়াদী হতে পারে।
