কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

জামি‘আহ সালাফিয়্যাহ, ভারত ও পাকিস্তান-এর স্মৃতিচারণ এবং দাওরায়ে হাদীছ ছাত্রদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গত ১লা মে ২০১৯; রোজ বুধবার ‘আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী’তে অনুষ্ঠিত হয়ে গেল এক অসাধারণ, অনন্য ও অভূতপূর্ব অনুষ্ঠান। আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ ও রাজশাহীর প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রায় ত্রিশজন বিশিষ্ট ওলামায়ে কেরাম। যাদের মধ্যে দশজন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল। অনুষ্ঠানটির সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার ছিল, জামি‘আহ সালাফিয়্যাহ ভারত ও জামি‘আহ সালাফিয়্যাহ পাকিস্তান থেকে ফারেগী বাংলাদেশী বরণ্য ওলামায়ে কেরামের উপস্থিতি এবং স্মৃতিচারণ।

পাকিস্তানের জামি‘আহ সালাফিয়্যাহ থেকে ছিলেন, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী-এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল ও বর্তমানে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, রাজশাহী-এর সিনিয়র মুহাদ্দিস শায়খ আব্দুস সামাদ সালাফী এবং আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী-এর বর্তমান প্রিন্সিপ্যাল শায়খ আব্দুল খালেক সালাফী।

ভারতের জামি‘আহ সালাফিয়্যাহ থেকে ছিলেন, জমিয়তে আহলে হাদীস বাংলাদেশ-এর সহ-সভাপতি ড. আব্দুল্লাহ ফারূক সালাফী, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ঢাকা-এর সিনিয়র অফিসার ও প্রশিক্ষক ড. আবুল ফজল সালাফী, বানিয়াপাড়া কামিল মাদরাসা, জয়পুরহাট-এর প্রিন্সিপ্যাল ড. বেলাল সালাফী, নওদাপাড়া মারকাযের সাবেক মুহাদ্দিস ও নাজিরাবাজার মাদরাসার সাবেক প্রিন্সিপ্যাল আব্দুর রাযযাক সালাফী এবং সদ্য ফারেগ আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক সালাফী।

সকলেই জামি‘আহ সালাফিয়্যাহ ভারত ও পাকিস্তানে কাটানো নিজ নিজ জীবনের অসাধারণ স্মৃতিচারণ করেন। ভারত ও পাকিস্তানের মাটিতে জামি‘আহ সালাফিয়্যাহ বানারাস ও ফায়ছালাবাদের অসাধারণ গ্রহণযোগ্যতা ও তার ছাত্রদের দুনিয়াব্যাপী কৃতিত্ব ও শ্রেষ্ঠত্বের বিষয়টিও তারা সুন্দরভাবে তুলে ধরেন। তারা এটাও আশা পোষণ করেন যে, একদিন রাজশাহীর এই জামি‘আহ সালাফিয়্যাহও বাংলাদেশের সালাফীদের মারকাযী দারুল উলূমে তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। ইনশাআল্লাহ।

এছাড়া উত্তরাঞ্চলের ইলমী কেন্দ্র বা প্রসিদ্ধ আহলেহাদীছ ক্বওমী মাদরাসাগুলোর অনেক প্রবীন উস্তাযগণ উপস্থিত ছিলেন। যথা- কদমডাংগা মাদরাসা, নওগাঁ-এর মুহতামিম শায়খ আব্দুল ওয়াহাব হাটহাজারী, চরবাগডাংগা মাদরাসা, চাঁপাই নাবাবগঞ্জ-এর মুহতামিম শায়খ আব্দুল হামিদ সালাফী, আলাদিপুর মাদরাসা, নওগাঁ-এর মুহতামিম শায়খ নোমান, মাকলাহাট মাদরাসা, চাঁপাই নাবাবগঞ্জ-এর মুহতামিম শায়খ আব্দুর রহমান, নওয়াবজাগির মাদরাসা, চাঁপাই নাবাবগঞ্জ-এর মুহতামিম শায়খ নজরুল ইসলাম, মাদরাসা ইশাআতুল ইসলাম আস-সালাফিয়্যাহ, রাণীবাজার রাজশাহী-এর মুহতামিম শায়খ সাইদুর রহমান রিয়াদি। এছাড়াও এই মাদরাসাগুলোসহ আরো বিভিন্ন আহলেহাদীছ ক্বওমি মাদরাসার প্রবীণ মুহাদ্দিসগণ উপস্থিত ছিলেন। আল-হামদুলিল্লাহ!

স্মৃতিচারণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহীর সম্মানিত শিক্ষক ড. ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর এবং মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সঊদী আরব-এর মাস্টার্সের ছাত্র আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক।

উল্লেখ্য একইদিনে একই ব্যানারে তিনটি অনুষ্ঠান পরিচালিত হয়। প্রথমত, দাওরায়ে হাদীছ ছাত্রদের বিদায়ী অনুষ্ঠান। সেখানে দারস প্রদান করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-এর সাবেক অধ্যাপক ড. মুহাম্মাদ মুছলেহুদ্দীন। বিদায়ী ছাত্ররা হলেন, ১. আব্দুল আহাদ (চাঁপাই নবাবগঞ্জ) ২. সাদরুজ্জামান (চাঁপাই নবাবগঞ্জ) ৩. আব্দুল আওয়াল (জয়পুরহাট) ৪. ফারহান (পঞ্চগড়) ৫. আলী হোসেন (চাঁপাই নবাবগঞ্জ) ৬. কাউসার (জয়পুরহাট) ৭. ইয়াসিন (রাজশাহী) ৮. মামুন (নওগাঁ) ৯. ইমরান হোসেন (চাঁপাই নবাবগঞ্জ) ১০. মাহমুদ (গাইবান্ধা) ১১. আল-আমিন (পঞ্চগড়)। ছাত্রদের নছীহত করেন বিভিন্ন মাদরাসার মুহতামিমগণ।

দ্বিতীয়ত, জামি‘আহ সালাফিয়্যাহ ভারত ও পাকিস্তান থেকে ফারেগী ওলামায়ে কেরামরে স্মৃতিচারণ।

তৃতীয়ত, ছত্রদের সাংস্কৃতিক অনুষ্ঠান, যা তারা রাতব্যাপী নিজেরাই পরিচালনা করেছে।

আবারো আল্লাহ্র শুকরিয়া জ্ঞাপন করছি আল-হামদুলিল্লাহ। অতি অল্প সময়ের প্রস্তুতিতে এত সফল ও মহতি অনুষ্ঠান করা সম্ভব হয়েছে শুধু তাঁর দয়ায়। বিশেষভাবে দু‘আ করি, যারা এমন একটা সম্মেলন আয়োজনের কাজে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের আল্লাহ উত্তম জাযা দান করুন এবং আল্লাহ আমাদের এই জামি‘আহ সালাফিয়্যাহকে কবুল করুন- আমীন!


Magazine