‘নেকাব’ নিষিদ্ধকরণ আইন কার্যকর করতে শুরু করেছে নেদারল্যান্ডস। ২০০৫ সালে দেশটিতে প্রথম এই আইন প্রস্তাবের পর শুরু হয় বিতর্ক। ১০ বছরের তুমুল বিতর্ক ও আলোচনার পর ২০১৫ সালে পাস হয় আইনটি। শেষ পর্যন্ত ২০১৮ সালের জুন মাসে দেশটির সিনেট আইনটির অনুমোদন দেয়। সে অনুযায়ী, এবছর ১ আগস্ট (বৃহস্পতিবার) থেকে আইনটির প্রয়োগ শুরু হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার থেকে দেশটির স্কুল, হাসপাতাল, সরকারি স্থাপনা এবং গণপরিবহনে ‘মুখ ঢাকা’ পোশাক আইনগতভাবে নিষিদ্ধ বিবেচিত হবে। কেউ নেকাব পরে এসব জায়গায় ঢুকতে চাইলে কর্তৃপক্ষ তাদেরকে মুখ দেখাতে বাধ্য করতে পারবে। আপত্তি জানালে তাদের ঐসব স্থানে প্রবেশ বন্ধ করতে পারবে কর্তৃপক্ষ। নির্দেশ অমান্য করলে ১৫০ ইউরো (প্রায় ১৫ হাযার টাকা) জরিমানাও গুণতে হতে পারে। শুধু নেকাব নয়, পুরো মুখ ঢাকা হেলমেট বা বালাক্লাভার ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
ইউরোপের প্রথম দেশ হিসাবে ফ্রান্স প্রায় ১০ বছর আগে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ঘোষণা করে। গতবছর জাতিসংঘের একটি কমিটি এই আইন মানবাধিকার লঙ্ঘন করছে বলে মত প্রকাশ করলেও ফ্রান্স তার অবস্থান থেকে সরে আসেনি। ফ্রান্সের অনুসরণে অনেক দেশেই চালু করা হয়েছে এমন আইন। তুমুল বিরোধিতা সত্ত্বেও ডেনমার্কে এক বছর ধরে চালু রয়েছে এমন নিষেধাজ্ঞা। এ বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম মেয়েদের মাথা ঢাকার স্কার্ফ নিষিদ্ধ করে আইন পাস করে অস্ট্রিয়া। ২০১৭ সাল থেকে দেশটিতে মুখ ঢাকা পোশাকে নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় মুখ ঢাকা পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে জার্মান রাজ্য হেসেতেও। এবার নেদারল্যান্ডসেও নেকাব নিষিদ্ধের আইনটি কার্যকর হতে শুরু করলো।
