দক্ষিণ আমেরিকার সবচেয়ে বেশী মুসলিমের বাস করে আর্জেন্টিনায়। দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়েই এর অবস্থান। আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম রাষ্ট্র। আয়তন ২৭ লাখ ৮০ হাযার ৪০০ বর্গকিলোমিটার বা ১০ লাখ ৭৩ হাযার ৫১৮ মাইল। দেশটি বিশ্বব্যাপী ফুটবলের জন্য জনপ্রিয় ও পরিচিত। ল্যাটিন আমেরিকার সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশও এটি। দেশটিতে বসবাস করে ১০ লাখেরও বেশি মুসলিম।
আর্জেন্টিনার সবচেয়ে বড় শহর ও রাজধানীতে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে। দেশটিতে অনেক মসজিদসহ দুটি জুম‘আর মসজিদ, কিং ফাহাদ ইসলামিক সেন্টার, ল্যাতিন আমেরিকা ইসলামিক অরগানাইজেশন আছে। ধর্মীয় দিক থেকে মুসলিমরা বেশ স্বাধীনভাবেই এখানে ধর্ম পালন করতে পারে। ইবাদতের সুবিধার্থে গড়ে উঠেছে বড় বড় ইসলামিক সেন্টার, মসজিদ ইত্যাদি। যার মধ্যে সিআইআরএ (দ্য ইসলামিক সেন্টার অব আর্জেন্টিনা), আহমাদ মসজিদ, আত-তাওহীদ মসজিদ, কিং ফাহাদ বা পালার্মো মসজিদ অন্যতম।
অনেক মুসলিম অধ্যুষিত দেশেই যখন হিজাব পরে নারীরা জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের জন্য ছবি তুলতে পারে না, সে সময়টিতে আর্জেন্টিনার আদালত মুসলিম নারীদের হিজাব পরিধানের অনুমতি দিয়েছে। এমনকি ২০১১ সালের ২৬ জানুয়ারি আদালতের এক রায়ে বলা হয়, ‘জাতীয় পরিচয়পত্রেও মুসলিম নারীরা হিজাব পরিহিত অবস্থায় ছবি দিতে পারবেন।’ আর্জেন্টিনার আদালত হিজাব পরাকে ধর্মীয় স্বাধীনতা হিসাবে উল্লেখ করেছে। আর্জেন্টিনায় মুসলিমরা জুম‘আর ছালাতসহ প্রতি ওয়াক্তের ছালাত পড়ার জন্য মসজিদে যায় এবং নারীরাও মসজিদ ব্যবহার করতে পারে। তবে আর্জেন্টিনা সরকার মুসলিমরা যাতে তাদের ধর্মীয় কাজ সঠিকভাবে করতে পারে সেজন্য ব্যবস্থা করে দিয়েছে।
