কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪): রাষ্ট্রের চাকরি করার জন্য কেউ যদি শহীদ মিনার অথবা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, তাহলে তার কী ধরনের পাপ হবে? সে কি মুশরিক হয়ে যাবে?

উত্তর: প্রথমত, মৃত ব্যক্তির স্মরণে মিনার বা স্তম্ভ নির্মাণ শিরকের অন্যতম উৎস। নূহ আলাইহিস সালাম-এর যুগে কতিপয় নেককার বান্দা ছিলেন। তারা যখন ইন্তিকাল করলেন, তখন শয়তানের প্ররোচনায় কিছু লোক তাদের স্মরণে প্রত্যেকের নামে আলাদা করে স্তম্ভ নির্মাণ করল। এরপর লোকেরা তাদের পূজা করা শুরু করল (তাফসীরে ইবনু কাছীর, ৮/২৪৮)। সুতরাং মিনার বা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হারাম, কারণ তা শিরকের দিকে ধাবিত করে। আর যদি কেউ এই স্তম্ভগুলোকে বরকতপূর্ণ মনে করে অথবা বরকত লাভের আশায় ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, তাহলে এটা সরাসরি শিরক হবে (তিরমিযী, হা/২১৮০)। এছাড়াও মিনার বা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো একটি বিজাতীয় সংস্কৃতি। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‘যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে, সে তাদের অন্তর্ভুক্ত’ (আবূ দাঊদ, হা/৪০৩১)। দ্বিতীয়ত, আল্লাহর অবাধ্য হয়ে কোনো মানুষের আনুগত্য করা জায়েয নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো আনুগত্য নেই গুনাহের কাজে, আনুগত্য হবে শুধু ভালো কাজে’ (ছহীহ বুখারী, হা/৭২৫৭)। সুতরাং উক্ত হারাম কাজে কারো আনুগত্য করা জায়েয নয়।

প্রশ্নকারী : শরীফ আহমেদ

সিরাজগঞ্জ।

Magazine