উত্তর : শরীর ঝুকিয়ে ঝুকিয়ে বা হেলে-দুলে কুরআন তেলাওয়াত করার ব্যাপারে কোন শারঈ প্রমাণ পাওয়া যায় না। বরং শরীরের স্বাভাবিক ভারসাম্য ঠিক রেখে তারতীল সহকারে কুরআন তেলাওয়াত করা উচিত। আল্লাহ তা‘আলা বলেন, ‘কুরআন তেলাওয়াত করুন তারতীল সহকারে’ (মুয্যাম্মিল ৪)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় (ছালাতের ভিতরে ও বাইরে) তারতীল সহকারে কুরআন তেলাওয়াত করতেন। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, তিনি সূরা পড়তেন এবং তারতীল সহকারে পড়তেন এমনকি তা লম্বা থেকে লম্বা হত। আনাস রাযিয়াল্লাহু আনহু-কে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ক্বিরাআত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তিনি টেনে বা মাদ্দ সহকারে পড়তেন (ছহীহ বুখারী, হা/৫০৪৬)। উম্মু সালামা রাযিয়াল্লাহু আনহা-কে তাঁর ক্বিরাআত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তিনি প্রত্যেকটি আয়াত কাটা কাটা করে পড়তেন (আহমাদ, হা/২৬৬৯২; আবুদাঊদ, হা/৪০০১; তাফসীরে ইবনে কাছীর, ১৪/১৬১)। তবে কুরআন মুখস্থ করার সুবিধার্থে যদি কেউ শরীর বা হাত নাড়ায় তবে তা না জায়েয হবে না।
-শাহাদত হোসেন
মহিমাগঞ্জ, গাইবান্ধা।
