উত্তর : রামাযান মাসে কবরস্থ ব্যক্তির শাস্তি বন্ধ থাকা সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে রামাযান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। এর অর্থ এটা নয় যে, রামাযান মাসে কেউ মারা গেলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বরং এর অর্থ হলো, মুমিন বান্দাদের বেশি বেশি সৎ কাজের প্রতি উৎসাহ প্রদান করা। আর মানুষ এ মাসে স্বাভাবিকভাবেই অসৎ কর্ম থেকে বিরত থাকে, বিধায় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় (শারহু রিয়াযুছ ছালেহীন, ১/১৩৯৯)। অনুরূপভাবে রামাযান মাসে কেউ মারা গেলে তার কবরের আযাব হয় না, এই মর্মে কোনো বর্ণনা নেই। তবে রামাযান কিংবা অন্য যে কোনো সময়ে কেউ যদি আল্লাহর কাছে প্রতিদান পাবার আশায় ছিয়াম রাখা অবস্থায় মারা যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে (সিলসিলা ছহীহাহ, হা/১৬৪৫)। অন্য বর্ণনায় ভিন্ন শব্দে এসেছে, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির আশায় একদিন ছিয়াম রাখল এবং ছিয়ামের মাধ্যমেই তার (জীবনের) সমাপ্তি ঘটল, সে জান্নাতে প্রবেশ করবে’ (মুসনাদে আহমাদ, হা/২৩৩৭২)। বুঝা যাচ্ছে, এই প্রতিদান রামাযান মাসের জন্য নয়। বরং তা রামাযানের ছিয়ামসহ যেকোনো সময়ের ছিয়ামের মতো একটি সৎ আমল করা অবস্থায় মৃত্যুবরণ করার কারণে।
-সোহরাব হুসাইন
কড়িয়াইল, কিশোরগঞ্জ।
