কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : তারাবীহর ছালাত কি নিয়মিত জামা‘আতের সাথে আদায় করা যায়?

উত্তর : সারা মাস নিয়মিত জামা‘আতের সাথে তারাবীহর ছালাত আদায় করা যায়। ওমর ইবনে খাত্ত্বাব রাযিয়াল্লাহু আনহু তারাবীহর ছালাত সারা মাস জামা‘আতের সাথে আদায়ের ব্যবস্থা করেছিলেন (ছহীহ বুখারী, হা/২০১০; মিশকাত, হা/১৩০১)। উল্লেখ্য যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনদিন জামা‘আতে তারাবীহর ছালাত আদায় করেছিলেন বলে এখন তিনদিনের বেশি জামা‘আতে তারাবীহর ছালাত আদায় করা যাবে না বলে যে ধারণা চালু আছে, তা নিতান্তই ভুল। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনদিনের বেশি পড়েননি, তার কারণ ছিল ছাহাবীদের প্রচণ্ড আগ্রহের কারণে তিনি তা ফরয হয়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন। ছহীহ বুখারীতে স্পষ্ট এসেছে, ‘চতুর্থ রাতে মসজিদে মুছল্লীগণের স্থান সঙ্কুলান হচ্ছিল না। (তিনি সে রাতে বের হলেন না) অবশেষে তিনি ফজরের ছালাতের জন্য বের হলেন এবং ফজরের ছালাত শেষ করে লোকদের দিকে ফিরলেন। অতঃপর আল্লাহর প্রশংসা ও গুণগান বর্ণনা করলেন। অতঃপর বললেন, ‘এখানে তোমাদের উপস্থিতি আমার নিকট গোপন ছিল না। কিন্তু আমার আশঙ্কা ছিল, সেটা তোমাদের জন্য ফরয করে দেওয়া হবে, আর তোমরা তা আদায় করতে অপারগ হয়ে পড়বে’ (ছহীহ বুখারী, হা/২০১২; ছহীহ মুসলিম, হা/৭৬১)।

-আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁ।


Magazine