উত্তর : মহিলাদের জন্যও ঈদের মাঠে যাওয়া যরূরী। কেননা তাদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে নির্দেশ দিয়েছেন। জাবের রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি ঈদের দিনে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছালাতে উপস্থিত ছিলাম। দেখলাম, তিনি খুৎবার পূর্বে ছালাত আরম্ভ করলেন আযান ও ইক্বামত ছাড়া এবং যখন ছালাত শেষ করলেন বিলালের গায়ে ভর দিয়ে দাঁড়ালেন। অতঃপর আল্লাহ্র মহিমা ও তাঁর প্রশন্তি বর্ণনা করলেন। তৎপর লোকদেরকে উপদেশ দিলেন। তাদেরকে (পরকালের কথা) স্মরণ করালেন এবং আল্লাহ্র আনুগত্যের প্রতি উদ্বুদ্ধ করলেন। অতঃপর মহিলাদের দিকে অগ্রসর হলেন আর তখন তাঁর সাথে ছিলেন বিলাল, তাদেরকে তিনি আল্লাহভীতির উপদেশ দিলেন। কিছু নছীহত করলেন এবং (আখেরাতের কথা) স্মরণ করালেন (ছহীহ নাসাঈ, হা/১৫৭৫; ইবনু খুযায়মাহ, হা/১৪৬০; তাহক্বীক্ব মিশকাত, হা/১৪৪৬)। উম্মে আতিয়া রাযিয়াল্লাহু আনহা বলেন, আমাদের নির্দেশ দেওয়া হল, আমরা যেন ঋতুবর্তী ও পর্দানশীল মহিলাদেরও দুই ঈদের দিনে (ঈদগাহে) বের করি, যাতে তারা মুসলিমদের জামা‘আতে এবং তাদের দো‘আয় শামিল হতে পারে; কিন্তু ঋতুবর্তীগণ যেন তাদের ছালাতের স্থান হতে একদিকে সরে বসে। তখন এক মহিলা প্রশ্ন করল, হে আল্লাহ্র রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমাদের কারও (শরীর ঢাকবার) বড় চাদর নেই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সাথী তাকে আপন চাদর পরাবে (বুখারী, হা/৩৫১; মুসলিম, হা/৮৯০; তাহক্বীক্ব মিশকাত, হা/১৪৩১)।
উপরিউক্ত হাদীছদ্বয় দ্বারা প্রমাণিত হয় যে, মহিলারা ঈদের মাঠে গিয়েই ঈদের ছালাতে অংশগ্রহণ করবে এবং ঋতুবতী মহিলাগণ ছালাত আদায় করবে না। বরং খুৎবা ও তাকবীরে শরীক হবে। তবে সমস্য থাকলে বাড়ীতে একাকী কিংবা একজন পুরুষ ইমামের ইমামতিতে ঈদের ছালাত পড়ে নিবে (ছহীহ বুখারী, ‘কারো ঈদের ছালাত ছুটে গেলে সে দু’রাক‘আত ছালাত আদায় করবে, অনুরূপ মহিলারাও এবং যারা বাড়ীতে কিংবা গ্রামে থাকে’ অনুচ্ছেদ-২৫; ‘ঈদায়েন’ অধ্যায়-১৩)। তবে আনুষ্ঠানিকভাবে মসজিদে পুরুষের ইমামতিতে মেয়েদের ঈদের ছালাত পড়ার কোন বিধান শরী‘আতে নাই।
-মুনতাসির বিল্লাহ
চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ।
