কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১): হানাফী, মালেকী, শাফেঈ, হাম্বলী, সালাফী বা আহলেহাদীছের মাঝে যে বিভিন্ন দল রয়েছে এগুলো কি ফিরকার অন্তর্ভুক্ত? নাকি দেওবন্দী, মাইজভান্ডারী, সুফী, সুন্নী এগুলো ফিরকা? দলীলসহ জানতে চাই।

উত্তর: ইসলামে সব মতভেদ বা মাযহাবকে ‘ভ্রষ্ট ফিরকা’ বলা সঠিক নয়। হানাফী, মালেকী, শাফেঈ ও হাম্বলী—এগুলো ফিক্বহী মাযহাব; আক্বীদাগত ভিন্ন দল নয়। চার ইমামই আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত ছিলেন। আর ইজতিহাদী মতভেদের ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মুজতাহিদ সঠিক হলে দুই ছওয়াব, ভুল হলে এক ছওয়াব পাবে’ (ছহীহ বুখারী, হা/৭৩৫২)। ‘সালাফী’ বা ‘আহলেহাদীছ’ বলতে তাদের বুঝায় যারা মানুষের মতামত উপেক্ষা করে কুরআন, সুন্নাহ ও ছাহাবীদের মানহাজ অনুসরণ করে। তারা হবে নাজাতপ্রাপ্ত দল (মাজমূউল ফাতাওয়া, ৩/৩৪৭)। আর দেওবন্দী, সুফী, মাইজভান্ডারী ও বেরেলভী—সবার আক্বীদা এক নয়। এদের মধ্যে কিছু ছহীহ ও কিছু ভ্রান্ত আক্বীদা-আমল আছে। বিশেষত মাইজভান্ডারী ও বেরেলভীদের মাঝে ভ্রান্ত কবরপূজা, মৃতের নিকট সাহায্য প্রার্থনা, অতিরঞ্জিত পীরপূজা, গান-বাজনা ও ধ্যানের মাধ্যমে আত্মশুদ্ধির চর্চা পরিলক্ষিত হয়, যা তাদের স্পষ্ট পথভ্রষ্টতার উপর প্রমাণ করে। সুফীদের হুলূল, ওয়াহদাতুল উজূদ, ফানা ও বাক্বার মতো বিভ্রান্তিকর আক্বীদা রয়েছে, যা ইসলাম বিরোধী ও ভ্রষ্ট আক্বীদা।

-সাইফুল ইসলাম

সাপাহার, নওগাঁ।


Magazine