কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯): গুমের ব্যাপারে ইসলাম কী বলে? কেউ গুম করলে তার শাস্তি কী?

উত্তর: গুম এমন একটি সন্ত্রাসী কর্মকাণ্ড যা মানুষের জীবন, সম্মান ও নিরাপত্তার সরাসরি লঙ্ঘন। তা ইসলামে হারাম ও গুরুতর অপরাধ। আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি কাউকে হত্যা করে কোনো প্রাণের বদলে বা পৃথিবীতে বিপর্যয় ছড়ানো ছাড়া, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল’ (আল-মায়েদা, ৫/৩২)। তিনি আরও বলেন, ‘আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় যা তারা করেনি তার জন্য, নিশ্চয় তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করল’ (আল-আহযাব, ৩৩/৫৮)। প্রত্যেক মুসলিমের উপর অন্য মুসলিমের জন্য হারাম তার রক্ত, সম্পদ ও সম্মান (ছহীহ মুসলিম, হা/২৫৬৪)। গুম নামক সন্ত্রাসী কর্মকাণ্ডের শাস্তি হচ্ছে হত্যা করা বা ক্রুশবিদ্ধ করা বা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা। আল্লাহ তাআলা বলেন, ‘যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায় তাদের শাস্তি কেবল এটাই যে, তাদেরকে হত্যা করা হবে বা ক্রুশবিদ্ধ করা হবে বা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে বা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। দুনিয়ায় এটাই তাদের লাঞ্ছনা ও আখেরাতে তাদের জন্য মহাশাস্তি রয়েছে’ (আল-মায়েদা, ৩৩/৩৩)।

প্রশ্নকারী : সাদিক

পাবনা।


Magazine