কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯): নবী, ছাহাবী ও বড় বড় ইমামদের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে নাটকের মতো অভিনয় করে ধারাবাহিক সিরিজ তৈরি করা হচ্ছে। যার মাধ্যমে তাদের জীবনী ও ইসলামের ইতিহাস জনগণ জানতে পারছে এবং অনেকেই অশ্লীল সিনেমা না দেখে এগুলো দেখছে। প্রশ্ন হলো, এগুলো তৈরি করা ও দেখা যাবে কি?

উত্তর: নবী, ছাহাবী ও ইমামগণের জীবনী নিয়ে কোনো ধারাবাহিক সিরিজ বা সিনেমা ইত্যাদি নির্মাণ করা হারাম। কারণ-

১. দ্বীনী প্রয়োজন ব্যতীত প্রাণীর ভিডিও নির্মাণ করা হারাম (ছহীহ বুখারী, হা/৫৯৫০)। এসব সিরিজ নির্মাণ দ্বীনী প্রয়োজনের আওতায় পড়ে না।

২. অভিনয় মানেই মিথ্যা। ব্যক্তিগত মিথ্যার তুলনায় সম্মিলিতভাবে মিথ্যার আয়োজন করা আরও মারাত্মক পাপ (ছহীহ মুসলিম, হা/৬৫৩৩)।

৩. নবী ও ছাহাবীগণের জীবনী পড়ে আমাদের অন্তরে তাদের যে সুন্দর ও নির্মল অবয়ব ও চরিত্র গেঁথে আছে, তা বিকৃত হবে এসব সিরিজ দেখার পর। কারণ এসব সিরিজ দেখার পর যখনই কোনো নবী বা ছাহাবীর নাম উচ্চারিত হবে, তখনই মস্তিষ্কে ভেসে উঠবে সেই নবী বা ছাহাবীর চরিত্রে অভিনয় করা ব্যক্তির ছবি। এই ফাসেক অভিনেতা কি কোনো দিক থেকে সেই নবী বা ছাহাবীর সামান্য কাছাকাছি আসতে পারে?

৪. এসব সিরিজে নযিরবিহীন ইতিহাস বিকৃতি হয়। ফলে দর্শকদের উপকার তো দূরের কথা, বরং আদর্শিক বিচ্যুতির প্রবল আশঙ্কা থাকে।

৫. এসব সিরিজ অশ্লীল সিনেমার বিকল্প হলেও তা জায়েয হবে না। কারণ হারাম দিয়ে হারামকে প্রতিহত করা যায় না।

প্রশ্নকারী : মাজহারুল ইসলাম

মিরপুর, ঢাকা।


Magazine