উত্তর : মুমিনের কোনো বৈধ চাহিদা পূরণের জন্য আল্লাহর উদ্দেশ্যে যে দু’রাক‘আত নফল ছালাত আদায় করা হয় তাকে ‘ছালাতুল হাজত’ বলা হয় (ইবনু মাজাহ, হা/১৩৮৫)। এ দু’রাক‘আত ছালাত আদায়ের জন্য শেষ বৈঠকে তাশাহহুদের পর সালাম ফিরানোর পূর্বে আশু প্রয়োজনীয় বিষয়টির কথা নিয়তের মধ্যে এনে নিমেণাক্ত সারগর্ভ দু‘আটি পাঠ করবে:
اَللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ: আল্লা-হুম্মা রববানা আ-তিনা ফিদ্দুন্ইয়া হাসানাতাঁও ওয়া ফিল আখেরাতে হাসানাতাঁও ওয়া ক্বিনা আযা-বান্না-র অর্থ: ‘হে আল্লাহ! হে আমাদের পালনকর্তা! আপনি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দিন ও আখেরাতে মঙ্গল দিন এবং আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করুন’। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এ দু‘আটি পড়তেন’ (ছহীহ বুখারী, হা/৪৫২২, মিশকাত, হা/২৪৮৭)। দু‘আটি সিজদায় পড়লে ‘রববানা আ-তিনা...’-এর পূর্বে ‘আল্লা-হুম্মা’ শব্দটি যোগ করে বলবে। কেননা রুকূ-সিজদায় কুরআনী দু‘আ পড়া জায়েয নয় (ছহীহ মুসলিম, হা/৪৭৯; মিশকাত, হা/৮৭৩, নায়লুল আওতার, ৩/১০৯ পৃ.)।
-আব্দুল কাদের
বৃ-কুষ্টিয়া, বগুড়া।
