কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : কেউ যদি অন্য কোনো ব্যবসায়ীর উপকারার্থে যিম্মাদারী নিয়ে কোনো মার্কেট থেকে বাকীতে মালামাল ক্রয় করে দেয় এবং উক্ত ব্যবসায়ী যদি তা সুদীর্ঘ ১০ বছর পেরিয়ে যাওয়ার পরও পরিশোধ না করেন, তাহলে কি যিম্মাদারী ব্যক্তিকে উক্ত বকেয়া পরিশোধ করতে হবে?

উত্তর : ঋণ গ্রহীতার উচিত সময়মতো ঋণ পরিশোধ করা। কেননা জরুরী কোনো কারণ ছাড়া ঋণ পরিশোধে টালবাহানা করা হারাম। এতে দুনিয়া ও আখেরাতে শাস্তির সম্মুখীন হতে হবে। রাসূল ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম বলেন, ‘ধনী ব্যক্তির ঋণ পরিশোধে টালবাহানা করা যুলুম’ (ছহীহ বুখারী, হা/২২৮; ছহীহ মুসলিম, হা/১৫৫৪)। প্রশ্নোল্লেখিত বিষয়টি ঋণ গ্রহণের সময় কৃত চুক্তি অনুযায়ী সমাধান হবে। ‘গ্রহীতার অপারগতার ক্ষেত্রে যিম্মাদার ব্যক্তি উক্ত ঋণ পরিশোধ করবেন’ মর্মে কোন চুক্তি হয়ে থাকলে যিম্মাদার ব্যক্তিকে তা পরিশোধ করতে হবে। অন্যথায় পরিশোধ করা জরুরী নয়। তবে ঋণগ্রহীতা অসচ্ছল হলে যিম্মাদার ব্যক্তি উক্ত ঋণ পরিশোধ করতে পারে। রাসূল ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম জনৈক ঋণগ্রস্ত ব্যক্তির জানাযা পড়াতে না চাইলে আবূ ক্বাতাদাহ রাযিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম তার জানাযার ছালাত আদায় করুন, আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিলাম। তখন তিনি ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম তার জানাযার ছালাত আদায় করিয়ে দিলেন (ছহীহ বুখারী, হা/২২৮৯; আহমাদ, হা/১৬৫১০)।

-হোসাইন মোঃ রাসেল

চাঁদপুর সদর।


Magazine