উত্তর : জামাআতে ছালাত আদায় করার সময় কাতার সোজা করে পায়ের সাথে পা ও কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ শারঈ বিধান। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, ছালাতের ইক্বামত দেওয়া হলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে বলতেন, ‘কাতার সোজা করো এবং পরস্পরে মিলিত হয়ে দাঁড়াও। নিশ্চয় আমি তোমাদেরকে আমার পিছন দিক দিয়েও দেখি’ (ছহীহ বুখারী, হা/৭১৮, ৭১৯; ছহীহ মুসলিম, হা/৪৩৪; মিশকাত, হা/১০৮৬)। অপর বর্ণনায় আছে, (রাসূলের এ কথা শুনে) আমাদের লোকেরা একজন অপরজনের কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতেন (ছহীহ বুখারী, হা/৭২৫)। আবু মাসঊদ আনছারী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাতে আমাদের বাহুমূলসমূহকে পরস্পরে মিলিয়ে দিতেন এবং বলতেন, ‘সোজা হয়ে দাঁড়াও এবং বিভিন্নরূপে দাঁড়িও না, তাতে তোমাদের অন্তরসমূহ বিভিন্ন হয়ে যাবে আর তোমাদের মধ্যে যারা বয়স্ক ও বুদ্ধিমান, তারা যেন আমার নিকটে থাকে। অতঃপর যারা বয়স ও বুদ্ধিতে তাদের নিকটবর্তী তারা। অতঃপর যারা তাদের নিকটবর্তী তারা’। অতঃপর আবু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু বলেন, দুঃখের বিষয়, তোমরা আজ অত্যন্ত বিভিন্নমুখী (ছহীহ মুসলিম, হা/৪৩২; নাসাঈ, হা/৮০৭; ইবনু মাজাহ, হা/৯৭৫; মিশকাত, হা/১০৮৮)। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা কাতার সোজা করো। কেননা কাতার সোজা করা ছালাত প্রতিষ্ঠার শামিল’ (ছহীহ বুখারী, হা/৭২৩; ছহীহ মুসলিম, হা/৪৩৩; মিশকাত, হা/১০৮৭)। মুসলিমের বর্ণনায় আছে, কাতার সোজা করা ছালাত পূর্ণ করার শামিল (ছহীহ মুসলিম, হা/৪৩৩; মিশকাত, হা/১০৮৭)। সুতরাং জামা‘আতবদ্ধভাবে ছালাত আদায় করলে ফাঁকা বন্ধ করে পায়ের সাথে পা মিলিয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়িয়ে ছালাত আদায় করতে হবে। সম্ভব না হলে একাই পড়বে। কোনো সমস্যার কারণে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদেশ অমান্য করা যাবে না।
-আব্দুল্লাহ
সিংড়া, নাটোর।
