উত্তর : হ্যাঁ, মুছল্লী ইচ্ছা করলে হাদীছে বর্ণিত সবধরনের ছহীহ দু‘আ সালাম ফিরানোর পূর্বে পড়তে পারে। আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছালাত আদায় করতাম তখন এ দু‘আ পাঠ করতাম, আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক তার বান্দাদের পূর্বে, জিবরীলের উপর শান্তি বর্ষিত হোক, মিকাঈলের উপর শান্তি বর্ষিত হোক এবং অমুক অমুকের উপর শান্তি বর্ষিত হোক। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছালাত শেষ করলেন তখন বললেন, ‘তোমরা আল্লাহর প্রতি শান্তি বর্ষিত হোক’ বলো না। কেননা আল্লাহ স্বয়ং শান্তিদাতা। যখন তোমাদের কেউ ছালাতের মধ্যে বসে, তখন সে যেন বলে, ‘সমস্ত সম্মান, ইবাদত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহর জন্য। হে নবী! আপনার প্রতি আল্লাহর শান্তি, অনুগ্রহ ও তাঁর বরকত বর্ষিত হোক এবং আমাদের ও আল্লাহর নেক বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হোক’। যখন সে এরূপ বলবে আসমান ও যমীনের প্রত্যেক নেক বান্দার প্রতি তা পৌঁছ যাবে। (অতঃপর সে যেন বলে) ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। অতঃপর দু‘আ সমূহের মধ্যে যে দু‘আ পসন্দ করে সে দু‘আর মাধ্যমে আল্লাহকে ডাকবে’ (ছহীহ বুখারী, হা/৮৩৫, ৬২৩০; ছহীহ মুসলিম, হা/৪০২; মিশকাত, হা/৯০৯)।
-ফযলে মাহমুদ, মোহনপুর, রাজশাহী।
