বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-তে ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন’ (2nd Bangladesh Battalion) নামে একটি নতুন প্রশিক্ষণ ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সেনাবাহিনীর আধুনিকায়ন এবং অফিসার ক্যাডেটদের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে উন্নত প্রশিক্ষণ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যেই এ ব্যাটালিয়ন গঠন করা হয়েছে।
নবগঠিত ব্যাটালিয়নের চারটি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের চার খলীফার নামে। এগুলো হলো: আবু বকর কোম্পানি, উমর কোম্পানি, উসমান কোম্পানি ও আলী কোম্পানি। ইসলামী ইতিহাসের চার খলীফার বীরত্ব, ত্যাগ ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়েই এ নামকরণ করা হয়েছে।
এর আগে বিএমএ-র প্রথম ব্যাটালিয়নের কোম্পানিগুলোর নামকরণ করা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের নামে। সেনাবাহিনী সূত্র জানায়, আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় অফিসার ক্যাডেটদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নতুন এই ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ব্যাটালিয়নের অধীনে হযরত ফাতেমা (রা.) ও হযরত আয়েশা (রা.)-এর নামে আরও দুটি নারী কোম্পানি যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
নতুন এই ব্যাটালিয়নের যাত্রার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত হলো এক নতুন অধ্যায়।
