ইতালি সরকার ও ইউনিয়ন অব ইসলামিক কমিটিজ অ্যান্ড অর্গানাইজেশন ইন ইতালির (ইউসিওআইআই) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার অধীনে ইমামগণ কারাগারের মুসলিম বন্দীদের ধর্মীয় শিক্ষা-দীক্ষা প্রদান ও ছালাতের ইমামতি করার সুযোগ পাবেন। দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে কর্তৃক এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলো। মুসলিম প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে চুক্তি স্বাক্ষরের ঘটনাকে অনেকেই ইতালিতে ধর্ম হিসাবে ইসলামকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের অগ্রগতি হিসাবেই দেখছেন। চুক্তি স্বাক্ষরের পর মুসলিমরা স্বস্তি প্রকাশ করেছে। ইতালির ৬০ হাজার বন্দীর মধ্যে ১০ হাজারই বিদেশি। তাদের বেশির ভাগই মরক্কো, তিউনিশিয়া ও রোমানিয়ার নাগরিক। ইতালির বন্দীদের মধ্যে প্রায় ৭ হাজার জন মুসলিম। তাদের জন্য ৯৭ জন ধর্মীয় শিক্ষক রয়েছেন। বন্দীদের মধ্যে ৪৪ জনের দাবী, তারা জেলেই ইসলাম গ্রহণ করেছে। বর্তমানে ইতালির মাত্র কয়েকটি জেলে মুসলিম বন্দীদের প্রার্থনার জায়গা রয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। উল্লেখ্য, ২০১৫ সালে ইতালির কয়েকটি কারাগারে মুসলিম বন্দীদের ছালাতের জন্য কক্ষ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সেখানে একত্রে জামা‘আতের সঙ্গে ছালাত আদায়ের সুযোগ ছিল না। তবে রামাযানের মতো বিশেষ সময়ে কর্তৃপক্ষ জামা‘আতে ছালাত আদায়ের অনুমতি দেয়।
