চলতি মৌসুমে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে অতীতের সব পরিসংখ্যান। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ৮০ হাজার ৪০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৭৬ হাজার ৯৩৭ জন। অর্থাৎ ৯৬ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন দুই হাজার ৯০০ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানান। বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২৮২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৬১৮ জন রোগী। চলতি বছরে এখন পর্যন্ত ২০৩ জনের মৃত্যু হলেও এদের মধ্যে ৬০ জন ডেঙ্গুজনিত কারণে মারা গেছেন বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর)। তাদের মতে, সর্বসাকল্যে ২০১৯ সালে এখন পর্যন্ত আমাদের কাছে সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২০৩টি মৃত্যুর ঘটনা এসেছে।
