কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : পূর্বে শিরক-বিদ‘আত মিশ্রিত অনেক আমল করেছি যার হিসাব লেখা রয়েছে। এখন ঐসব পাপ হতে তওবা করতে চাইলে কি পৃথক পৃথকভাবে তওবা করতে হবে এবং তওবা করার পুর্বে দুই রাক‘আত ছালাত আদায় করতে হবে? অথবা এথেকে তওবা করার নিয়ম কী?

উত্তর : পাপ একাধিক হলে প্রত্যেক পাপের জন্য আলাদা করে দুই রাক‘আত ছালাত আদায় করতে হবে বিষয়টি এমন নয়, বরং পাপসমূহ হতে মুক্তি লাভের আশায় দুই রাক‘আত ছালাত আদায় করে সকল পাপগুলো স্মরণ করে আল্লাহর নিকট একনিষ্ঠচিত্তে ক্ষমা প্রার্থনা করবে। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহর নিকট তওবা করো বিশুদ্ধ তওবা; সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলোকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত’ (তাহরীম, ৮)। তিনি অন্যত্র বলেন, ‘বলো, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো (পাপ করেছো) আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়ো না; আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু’ (যুমার, ৫৩)। তবে তওবা কবুলের জন্য তিনটি শর্ত পূরণ করতে হবে (১) একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই তওবা হতে হবে। (২) কৃত গোনাহের জন্য অনুতপ্ত হতে হবে। (৩) পুনরায় সে গোনাহে জড়িত না হওয়ার প্রতিজ্ঞা করতে হবে। আর যদি পাপটি বান্দার সাথে যুক্ত থাকে, তাহলে উপরের তিনটি শর্ত পূরণের সাথে চতুর্থ শর্ত হিসাবে তাকে বান্দার নিকটে ক্ষমা চাইতে হবে ও তাকে খুশী করতে হবে। নইলে তার তওবা শুদ্ধ হবে না’ (নববী, রিয়াযুছ ছালেহীন, ‘তওবা’ অনুচ্ছেদ)। তওবার জন্য পাঠ করতে হবে ‘আস্তাগফিরুল্লা-হাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল ক্বাইয়ূম ওয়া আতূবু ইলাইহে’ (তিরমিযী, আবুদাঊদ, মিশকাত, হা/২৩৫৩)। সুতরাং, কেউ যত বড় অপরাধীই হোক না কেন একনিষ্ঠচিত্তে আল্লাহর নিকট তওবা করলে নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন (ছহীহ মুসলিম, হা/৩২০৮)।

-তামান্না আফরোজা

সাপাহার, নওগাঁ।


Magazine