কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : তাওহীদকে তিনভাগে ভাগ করা কি ঠিক? কখন থেকে এভাবে ভাগ করার প্রচলন হয়েছে?

উত্তর : বর্তমানে শব্দগতভাবে তাওহীদের যে প্রকার দেখা যায় তা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবীগণ হতে প্রমাণিত না হলেও একাধিক আয়াত এবং ছহীহ হাদীছের ভিত্তিতে প্রমাণিত হয় যে, তাওহীদ তিন ভাগেই বিভক্ত। আর তা হলো, (১) তাওহীদে রুবূবিয়াহ, অর্থাৎ সৃষ্টি ও পালনে আল্লাহর একত্ব। (২) তাওহীদে উলূহিয়াহ বা ইবাদাহ, অর্থাৎ ইবাদত বা উপাসনায় একত্ব। (৩) তাওহীদে আসমা ওয়া ছিফাত, অর্থাৎ নাম ও গুণাবলির একত্ব। নিমেণাক্ত আয়াত ও ছহীহ হাদীছসমূহ তার বাস্তব প্রমাণ। যেমন মহান আল্লাহ বলেন, رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهِ هَلْ تَعْلَمُ لَهُ سَمِيًّا ‘তিনি আসমানসমূহ, যমীন ও তাদের অন্তর্বর্তী যা কিছু আছে, সে সবের রব। কাজেই তারই ইবাদত করো এবং তার ইবাদতে ধৈর্যশীল থাকো। তুমি কি তাঁর সমনাম গুণসম্পন্ন কাউকেও জানো? (মারইয়াম, ১৯/৬৫; এ ছাড়া আয-যারিয়াত, ৫১/৫৬; আন-নাহ্ল, ১৬/১৬-১৭; আল-ইসরা, ১৭/২৩; আন-নিসা, ৪/৩৬; আল-আনআম, ৬/১৫১ প্রভৃতি আয়াত দ্রষ্টব্য)। মু‘আয রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে মু‘আয! তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক্ব কী? আর আল্লাহর উপর বান্দার হক্ব কী? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তিনি বললেন, বান্দার উপর আল্লাহর হক্ব হলো, বান্দা তাঁর ইবাদত করবে এবং তাঁর সাথে কাউকে শরীক করবে না। আর আল্লাহর উপর বান্দার হক্ব হলো, তাঁর ইবাদতে কাউকে শরীক না করলে আল্লাহ তাকে শাস্তি দিবেন না (ছহীহ বুখারী, হা/২৮৫৬, ৫৯৬৭, ৬২৬৭, ৬৫০০, ৭৩৭৩; ছহীহ মুসলিম, হা/৩০; মুসনাদে আহমাদ, হা/২২০৫২)।

-মুহাম্মাদ বিলাল

ওয়ারী, ঢাকা।


Magazine