কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০): কোনো ব্যক্তি যদি মহল্লায় কেউ মারা গেলে মৃত ব্যক্তির গোসল দেয় এবং এজন্য তাকে পারিশ্রমিক হিসেবে টাকা দেওয়া হয়, তাহলে তা নেওয়া জায়েয হবে কি?

উত্তর: কোনো মুসলিমের মৃত্যু হলে তার পরিবার ও এলাকাবাসীর কর্তব্য হলো তার গোসল, কাফন, জানাযা ও দাফনের ব্যবস্থা করা। তাই কেউ মারা গেলে জীবিতদের উচিত ছওয়াবের নিয়্যতে ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গোসল দেওয়া। আবূ রাফে বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করাবে, তার দোষ-ক্রটি গোপন রাখবে, তাকে চল্লিশ বার ক্ষমা করা হবে। যে ব্যক্তি কাফন পরাবে আল্লাহ তাকে জান্নাতের রেশমী পোশাক পরাবেন। যে ব্যক্তি মৃত ব্যক্তির জন্য কবর খনন করবে এবং তাকে দাফন করবে, তাহলে সে কিয়ামত পর্যন্ত প্রতিদান পাবে এমন এক বাসস্থানের, যেখানে সে তাকে থাকতে দিয়েছে’ (আত-তারগীব ওয়াত-তারহীব, হা/২২৮০)। তবে মৃত ব্যক্তির পরিবার যদি কোনো শর্ত করা ছাড়াই কিছু দেয়, তাহলে প্রয়োজনে তা গ্রহণ করা যাবে। কারণ কাফন-দাফনের পর সম্পদ বণ্টন করা হবে।

প্রশ্নকারী : আশরাফ আহমেদ

ঢাকা।


Magazine