কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪): বিবাহের ওয়ালীমার সুন্নাতী পদ্ধতি কী? কবে আয়োজন করতে হবে এবং কাদেরকে দাওয়াত দিতে হবে?

উত্তর: বরের পক্ষ থেকে যে খাবারের ব্যবস্থা করা হয় তাই ওয়ালীমা। ওয়ালীমার জন্য সম্ভবপর ধনী-গরীব সকলকে দাওয়াত দিতে হবে। শুধু ধনীদের নির্দিষ্ট করে দাওয়াত দেওয়া হলে তা হবে নিকৃষ্ট খাদ্য। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সবচেয়ে নিকৃষ্ট খাদ্য হলো এমন ওয়ালীমার খাদ্য, যাতে ধনীদের ডাকা হয় আর গরীবদের ছেড়ে দেওয়া হয় (ছহীহ বুখারী, হা/৫১৭৭; ছহীহ মুসলিম, হা/১৪৩২)। বাসররাত সম্পন্ন হওয়ার পর ওয়ালীমার ব্যবস্থা করতে হবে। তবে একদিন পরেও করা যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন, ওয়ালীমার দাওয়াত গ্রহণ করা কর্তব্য, যদি কেউ একাধারে সাত দিন অথবা অনুরূপ অধিক দিন ওয়ালীমার ব্যবস্থা করে। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালীমার সময় এক বা দুই দিন ধার্য করেননি (ছহীহ বুখারী, ৭/২৪)। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাফিয়্যাহ রাযিয়াল্লাহু আনহা-কে বিবাহ করলেন এবং তার মুক্তিপণ হিসেবে তার মোহর নির্ধারণ করলেন এবং তিন দিন যাবৎ ওয়ালীমা খাওয়ালেন (মুসনাদে আবী ইয়া‘লা, হা/৩৮৩৪)। এছাড়া লোক দেখানোর জন্য, খ্যাতির আকাঙ্ক্ষা বা পরস্পরকে বড়াই প্রদর্শন করার উদ্দেশ্যে ওয়ালীমার আয়োজন যেন না করা হয়। অমুসলিমদের ভোজন-আয়োজনের ধরন অনুকরণ করা, অপচয় করা ও যেকোনো হারাম কাজ থেকে সতর্ক থাকতে হবে (আবূ দাঊদ, হা/৪০৩১)।

প্রশ্নকারী : মাহাবুবা

নাটোর।


Magazine