কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : যদি কেউ জেনে-শুনে রাফঊল ইয়াদায়েন-এর মত কোন সুন্নাত তরক করে তাহলে কি তার ছালাত বাতিল হবে? না-কি সে গুনাগার হবে?

উত্তর : রাফঊল ইয়াদায়েন না করলে ছালাতের নেকী কম হয়। আম্মার ইবনু ইয়াসার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক লোক আছে যারা ছালাত আদায় করে কিন্তু তাদের ছালাত পুরাপুরি কবুল না হওয়ায় পরিপূর্ণ নেকী প্রাপ্ত হয় না। বরং তাদের কেউ দশ ভাগের এক ভাগ, কেউ নয় ভাগের এক ভাগ, কেউ আট ভাগের এক ভাগ, কেউ সাত ভাগের এক ভাগ, কেউ ছয় ভাগের এক ভাগ, কেউ পাঁচ ভাগের এক ভাগ, কেউ চার ভাগের এক ভাগ, কেউ তিনের একাংশ বা অর্ধাংশ নেকী প্রাপ্ত হয়ে থাকে (আবুদাঊদ, হা/৭৯৬)। রাফঊল ইয়াদায়েন শরী‘আতের একটি গুরুত্বপূর্ণ বিধান। যা প্রায় ৫০ জন ছাহাবী দ্বারা প্রমাণিত। যাকে উপেক্ষা করার কোন সুযোগ নেই। কেউ যদি স্বেচ্ছায় তা উপেক্ষা করে তাহলে সে সুন্নাতকে অমান্য করল (ছহীহ ইবনু খুযায়মা, হা/১৯৭; সিলসিলা ছহীহাহ, হা/২১৩০)। উল্লেখ্য যে, ছালাতে রাফঊল ইয়াদায়েনের জন্য ১০টি করে নেকী বেশী হয় (সিলসিলা ছহীহাহ, হা/৩২৮৬)।

-সুমাইয়া আহমাদ

বড়গাছী, পবা, রাজশাহী।


Magazine