কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আছহাবুল উখদূদ, যাদুকর, ধর্মযাজক ও যুবকের ঘটনা

ছুহাইব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের পূর্ববর্তী যুগে একজন বাদশাহ ছিলেন এবং তার (উপদেষ্টা) একজন যাদুকর ছিল। যাদুকর বার্ধক্যে উপনীত হলে বাদশাহকে বলল, আমি বৃদ্ধ হয়ে পড়েছি, ফলে আপনি আমার নিকট একজন বালক পাঠিয়ে দিন, যাকে আমি যাদুবিদ্যা শিক্ষা দিব। বাদশাহ তার কাছে একটি বালককে প্রেরণ করলেন, যাকে সে যাদু শিক্ষা দিত।

বালকটির যাতায়াতের পথে বাস করতেন এক ধর্মযাজক। একদিন বালকটি তার কাছে বসল এবং তার কথা শুনল। তার কথা বালকের পসন্দ হল। যখনই বালকটি যাদুকরের কাছে যেত, তখনই যাত্রাপথে ঐ ধর্মযাজকের নিকট কিছুক্ষণের জন্য বসত।

সেই ধর্মযাজকের নিকট কিছুক্ষণ বসার কারণে যাদুকরের নিকট পৌঁছতে দেরী হত, আর সেই যাদুকর এই বিলম্বের কারণে ঐ বালককে প্রহার করত। ফলে সে ধর্মযাজকের নিকটে অভিযোগ করল। তখন ধর্মযাজক বলল, যখন তোমার ভয় হবে যে, যাদুকর তোমাকে মারধোর করবে, তখন তুমি বলবে, আমার বাড়ীর লোক আমাকে কোন কাজে আটকে দিয়েছিল। আর যখন বাড়ীর লোকে মারবে বলে আশঙ্কা হবে, তখন তুমি বলবে যে, যাদুকর আমাকে কোন কাজে আটকে দিয়েছিল।

এভাবেই বালকটি দিনাতিপাত করতে থাকল। এমনিভাবে চলতে থাকা অবস্থায় একদিন বালকটি তার চলার পথে একটি ভয়ানক হিংস্র প্রাণীর সম্মুখীন হল। ঐ জন্তুটি লোকদের পথ অবরোধ করে রেখেছিল। এ অবস্থা দেখে বালকটি মনে মনে বলল যে, আজ আমি জানতে পারব যে, যাদুকর শ্রেষ্ঠ না ঐ ধর্মযাজক? অতঃপর একটি পাথর নিয়ে সে বলল, হে আল্লাহ! যদি যাদুকরের চাইতে ধর্মযাজক আপনার কাছে অধিক পসন্দনীয় হয়, তাহলে এই পাথর দ্বারা জন্তুটিকে শেষ করে দিন। যাতে রাস্তা নিরাপদ হয় এবং লোকেরা চলাফেরা করতে পারে। এই দু‘আ করে সেই জন্তুর উপর পাথরটি ছুড়লো এবং তাকে হত্যা করে দিল। এরপর রাস্তা নিরাপদ হল এবং লোকেরা চলাচল করতে লাগল। এরপর বালকটি ধর্মযাজকের নিকটে এসে তাকে সম্পূর্ণ ঘটনা বলল। ধর্মযাজক বলল, হে বৎস! তুমি আজ থেকে আমার চেয়ে শ্রেষ্ঠ। তোমার মর্যাদা এ পর্যন্ত পৌঁছেছে যা আমি দেখতে পাচ্ছি। তোমার ঈমানের ব্যাপার দেখে আমি অনুভব করছি যে, শীঘ্রই তুমি পরীক্ষার সম্মুখীন হবে। সুতরাং যখন পরীক্ষার সম্মুখীন হবে, তখন আমার কথা গোপন রাখবে।

বালকটি আল্লাহ্র ইচ্ছায় জন্মান্ধ ও কুষ্ঠরোগ ভালো করে দিতে পারত এবং অন্যান্য সমস্ত রোগ-ব্যাধির চিকিৎসা করতে লাগল। এমতাবস্থায় বাদশাহর পরিষদবর্গের জনৈক ব্যক্তি অন্ধ হয়ে গিয়েছিল। যখন সে বালকটির কথা শুনল, তখন প্রচুর উপঢৌকন নিয়ে তার কাছে গেল এবং তাকে বলল, তুমি যদি আমাকে ভালো করতে পার, তাহলে এ সমস্ত উপঢৌকন তোমার। বালকটি বলল, আমি তো কাউকে আরোগ্য দান করতে পারি না, আল্লাহ তা‘আলাই আরোগ্য দান করে থাকেন। যদি তুমি আল্লাহ্র প্রতি ঈমান আনো, তবে আমি আল্লাহ তা‘আলার কাছে দু‘আ করব, আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। সুতরাং সে ঈমান আনল, ফলে আল্লাহ তা‘আলা তাকে আরোগ্য দান করলেন।

চোখ ভালো হওয়ার পর লোকটি পূর্বেকার অভ্যাস অনুযায়ী বাদশাহর কাছে গিয়ে বসল। বাদশাহ তাকে জিজ্ঞেস করল, কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে? সে বলল, আমার রব। একথা শুনে বাদশাহ বলল, আমি ব্যতীত তোমার অন্য কোন রব আছে কি? লোকটি বলল, আমার প্রভু এবং আপনার প্রভু হচ্ছেন আল্লাহ। একথা শুনে বাদশাহ তাকে পাকড়াও করল এবং ততক্ষণ পর্যন্ত তাকে অবিরতভাবে শাস্তি দিতে থাকল, যতক্ষণ পর্যন্ত না সে ঐ বালকের কথা বলে দিল। অতঃপর সেই বালককে বাদশাহর দরবারে নিয়ে আসা হল। বাদশাহ তাকে বলল, হে বৎস! তোমার কৃতিত্ব বা যাদু ঐ পর্যায়ে পৌঁছে গেছে যে, তুমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য দান করছ এবং আরও অনেক কিছু করছ। বালকটি বলল, আমি কাউকে আরোগ্য দান করতে পারি না, আরোগ্য দানকারী হচ্ছেন একমাত্র মহান আল্লাহ। ফলে বাদশাহ তাকেও পাকড়াও করে অবিরতভাবে ততক্ষণ পর্যস্ত শাস্তি দিতে থাকল, যতক্ষণ পর্যস্ত না সে ঐ ধর্মযাজকের কথা প্রকাশ করে দিল।

অতঃপর সেই ধর্মযাজককেও রাজদরবারে নিয়ে আসা হল। ধর্মযাজককে বলা হল, তুমি তোমার নিজের দ্বীন (ধর্ম) থেকে ফিরে এসো। কিন্তু সে অস্বীকার করল। ফলে তার মাথার সিঁথিতে করাত রাখা হল। করাতটি তাকে চিরে দ্বিখণ্ডিত করে দিল, এমনকি তার শরীর দুই ভাগে মাটিতে পড়ে গেল। তারপর বাদশাহর পরিষদবর্গের সেই ব্যক্তিকেও নিয়ে আসা হল এবং তাকে বলা হল, তুমি তোমার দ্বীন থেকে ফিরে এসো। কিন্তু সেই লোকটিও বাদশাহর কথা প্রত্যাখ্যান করল। ফলে তার মাথার সিঁথিতেও করাত রাখা হল এবং তা দিয়ে তাকে চিরে দ্বিখণ্ডিত করে দেয়া হল। এমনকি তার শরীর দুই ধারে মাটিতে পড়ে গেল।

তারপর বালকটিকে নিয়ে আসা হল। অতঃপর তাকে বলা হল, তুমি তোমার দ্বীন থেকে ফিরে এসো। কিন্তু সেও এতে অসম্মতি জানাল। সুতরাং বাদশাহ তাকে তার বিশেষ কিছু লোকের কাছে অর্পণ করে দিয়ে বলল, এই বালককে অমুক পাহাড়ে নিয়ে যাও, পর্বতশৃঙ্গে আরোহণ করাও। অতঃপর তোমরা যখন পর্বতের চূড়ায় পৌঁছবে, তখন তাকে তার ধর্ম ত্যাগের ব্যাপারে জিজ্ঞেস করবে। যদি সে নিজের ধর্ম থেকে ফিরে যায়, তাহলে ভালো। নচেৎ তাকে ওখান থেকে নীচে ফেলে দাও। সুতরাং তারা সেই বালককে নিয়ে পাহাড়ের উপর আরোহণ করল। বালকটি তখন আল্লাহ্র নিকট দু‘আ করল, হে আল্লাহ! তুমি আমার জন্য তাদের মোকাবেলায় যেভাবেই চাও, যথেষ্ট হয়ে যাও। সুতরাং পাহাড় কেঁপে উঠল এবং তারা সবাই নীচে পড়ে গেল।

এরপর বালকটি হেঁটে হেঁটে বাদশাহর নিকট উপস্থিত হল। বাদশাহ তাকে জিজ্ঞেস করল, তোমার সঙ্গীগণ কোথায়? বালকটি বলল, আল্লাহ তা‘আলা তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়েছেন।

বাদশাহ আবার তাকে কিছু লোকের নিকট সমর্পণ করে বলল যে, একে নিয়ে তোমরা নৌকায় চড় এবং সমুদ্রের মধ্যস্থলে গিয়ে তাকে তার ধর্মের ব্যাপারে জিজ্ঞেস কর। যদি সে স্বধর্ম থেকে ফিরে আসে, তাহলে ঠিক আছে। নচেৎ তাকে সমুদ্রে নিক্ষেপ কর। সুতরাং তারা তাকে নিয়ে গেল। অতঃপর বালকটি নৌকায় চোড়ে দু‘আ করল, হে আল্লাহ! তোমার যেভাবে ইচ্ছা এদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়ে যাও। সুতরাং নৌকাটি উল্টে গেল এবং তারা সকলেই পানিতে ডুবে গেল।

তারপর বালকটি হেঁটে হেঁটে বাদশাহর কাছে এলো। বাদশাহ জিজ্ঞেস করল, তোমার সঙ্গীদের কী হল? বালকটি বলল, আল্লাহ তা‘আলা তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়ে গেছেন। পুনরায় বালকটি বাদশাহকে বলল, আপনি আমাকে সে পর্যন্ত হত্যা করতে পারবেন না, যে পর্যন্ত না আপনি আমার নির্দেশিত পদ্ধতি অবলম্বন করবেন। বাদশাহ বলল, তা কী? সে বলল, আপনি একটি মাঠে লোকজন একত্রিত করুন এবং গাছের গুঁড়িতে আমাকে ঝুলিয়ে দিন। অতঃপর আমার তীরদানী থেকে একটি তীর নিয়ে তা ধনুকের মাঝে রাখুন, তারপর বলুন, ‘বিসমিল্লাহি রাবিবল গুলাম’ (এই বালকের প্রতিপালকের নামে) অতঃপর আমাকে তীর নিক্ষেপ করুন। এভাবে করলে আপনি আমাকে হত্যা করতে সক্ষম হবেন।

সুতরাং বালকটির নির্দেশনা অনুযায়ী বাদশাহ একটি ময়দানে লোকজন একত্রিত করল এবং গাছের গুঁড়িতে তাকে ঝুলিয়ে দিল। অতঃপর তার তীরদানী থেকে একটি তীর নিয়ে তা ধনুকের মাঝে রেখে ‘বিসমিল্লাহি রাবিবল গুলাম’ (এই বালকের প্রতিপালকের নামে মারছি) বলে তীর নিক্ষেপ করল। তীরটি সেই বালকের কান ও মাথার মধ্যবর্তী স্থানে গিয়ে আঘাত করল। বালকটি আঘাতপ্রাপ্ত স্থানে হাত রেখে মারা গেল। অতঃপর লোকেরা অলৌকিক এ দৃশ্য দেখে বলল যে, আমরা এ বালকের রবের প্রতি ঈমান আনলাম।

এ সংবাদ বাদশাহর কাছে পৌঁছানো হল এবং বলা হল, আপনি যার ভয় করছিলেন সেটাই ঘটে গেছে, সকল লোকেরা সে বালকের পালনকর্তার প্রতি ঈমান এনেছে।

এরপর বাদশাহ পথের মাঝে গর্ত খোঁড়ার নির্দেশ দিল। ফলে গর্ত খোঁড়া হল এবং তাতে আগুন জ্বালানো হল। বাদশাহ আদেশ করল, যে লোক দ্বীন থেকে ফিরবে না, তাকে এই আগুনে নিক্ষেপ করা হবে অথবা তাকে বলা হবে এই আগুনে প্রবেশ কর। লোকেরা তাই করল। পরিশেষে একটি স্ত্রীলোক আসল। তার সঙ্গে তার একটি শিশু ছিল। সেই নারীটি শিশুকে নিয়ে আগুনে পতিত হতে কুণ্ঠিত হলে, তার দুধের শিশুটি বলল, মা! আপনি ছবর করুন, কেননা আপনি সত্য দ্বীনের (ধর্মের) উপর প্রতিষ্ঠিত আছেন’।[1]

শিক্ষা : (১) আল্লাহ সর্বশক্তিমান। তার ক্ষমতার কাছে সব শক্তি মৃয়মান। (২) হক্ব-বাতিলের দ্বন্দ্ব চিরকাল থাকবে। কিন্তু প্রকৃত বিজয় হবে হক্বেরই। (৩) আল্লাহ্র দ্বীনের দা‘ওয়াত দিতে গেলে বিপদাপদ আসতে পারে। অনুরূপভাবে মুমিনদের উপরও নেমে আসতে পারে বিপদাপদের স্টিমরোলার। এতে ধৈর্যধারণ করতে হবে। (৪) একজন দাঈর বিপদাপদ ও মৃত্যুও বিপুল সংখ্যক মানুষের হেদায়াত লাভের কারণ হতে পারে।

[1]. ছহীহ মুসলিম, হা/৩০০৫ (ই.ফা, হা/৭২৩৯; ই.সে, হা/৭২৯৩)।

Magazine