ভারতের আসামে আবারো গরুর গোশত বিক্রি করা নিয়ে এক বৃদ্ধ ব্যবসায়ীকে নাজেহাল করেছে একদল উগ্রপন্থী যুবক। তারা ৬৮ বছরের ঐ ব্যক্তিকে শুধু মারধর বা হুমকিই দেয়নি, বরং তারা তাকে শূকরের গোশত খেতেও বাধ্য করে। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে। আসামের বিশ্বনাথ জেলার এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিও ফুটেজে দেখা যায়, ব্যবসায়ী শওকত আলী কাদামাটির মধ্যে হাঁটুতে ভর করে বসে আছেন। তার চারপাশে অনেক যুবকের ভিড়। তারা তাকে বারবার আঘাত করছিল এবং হুমকি দিচ্ছিল। এক পর্যায়ে তারা তাকে শূকরের মাংসের টুকরা খেতে বাধ্য করে। পুলিশ জানায়, সম্প্রতি স্থানীয় কিছু মানুষ গরুর গোশত বিক্রয়ের অভিযোগ নিয়ে তার ওপর হামলা করে। পরে আবারো ১০-১২ জন যুবক তার দোকানে হামলা চালায়। গরুর গোশত বিক্রির লাইসেন্স দেখাতে পারেননি শওকত, এ দাবিতে গত সোমবার তারা ঐ ন্যক্কারজনক ঘটনা ঘটায়। এমনকি তাকে শূকরের গোশত খেতে বাধ্য করে।
