উত্তর : মিশকাতে বর্ণিত ১৩৯৫ নং হাদীছটি হল, নাফি‘ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ‘আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ছাঃ) কোন লোক অপর লোককে তার স্থান হতে উঠিয়ে দিয়ে নিজে সেখানে বসতে নিষেধ করেছেন। নাফি‘কে জিজ্ঞেস করা হল, এটা কি শুধু জুম‘আর ছালাতের জন্য? উত্তরে তিনি বললেন, জুম‘আর ছালাত ও অন্যান্য ছালাতেও’ (ছহীহ বুখারী, হা/৯১১; ছহীহ মুসলিম, হা/২১৭৭; মিশকাত, হা/১৩৯৫)। উল্লেখিত হাদীছ দ্বারা বুঝানো হয়েছে যে, মসজিদের জায়গা সংকুলান না হওয়ার কারণে বা পরে এসে সামনে বসার উদ্দেশ্যে কোন ব্যক্তিকে তার স্ব-স্থান হতে উঠিয়ে বা সরিয়ে দিয়ে নিজে বসা। রাসূল (ছাঃ) এমন কাজ করতে নিষেধ করেছেন। তবে যদি মুছল্লী বেশি হওয়ার কারণে মসজিদের জায়গা সংকুলান না হয়, বা কোন বিশেষ প্রয়োজনে কোন মুছল্লীকে সামনে যাওয়ার প্রয়োজন হয় তাহলে, তাদের জন্য কর্তব্য এই যে, ঐ ব্যক্তিকে বসার বা যাওয়ার সুযোগ করে দেওয়া। এই মর্মে আল্লাহ তা‘আলা বলেন, ‘হে মুমিনগণ! তোমাদের যখন বলা হয় মজলিসের স্থান প্রশস্ত করে দাও, তখন তোমরা স্থান প্রশস্ত করে দেবে। আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করে দিবেন এবং যখন তোমাদেরকে উঠে যেতে বলা হয় তখন তোমরা উঠে যাবে। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নীত করবেন। আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন তোমরা যা কর এবং সে সম্পর্কে তিনি সবিশেষ জ্ঞাত। উল্লেখ্য যে যদি কোন কারণে ইমাম সাহেব কোন মুছল্লীকে উঠে যেতে বলেন তাহলে তার উঠে যাওয়া উচিত এবং ইমাম সাহেবের জন্য কাউকে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া জায়েজ আছে (তাফসীরে ইবনে কাসীর, সূরা মুজাদালাহ ১১ নং আয়াতের ব্যাখ্যা দ্রষ্টব্য)।
-নাহিদ বিন বেলাল
খানসামা, দিনাজপুর।
