৬ মাসে দেশে ৬৩০ নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ সময় ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৭ নারীকে। একই সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছে ২০৪ জন। সীমান্তে বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন ২০ জন। একটি প্রতিবেদনে বলা হয়, গত ৬ মাসে যৌন হয়রানি ও সহিংসতা, ধর্ষণ ও হত্যা, পারিবারিক নির্যাতন, যৌতুকের জন্য নির্যাতন, গৃহকর্মী নির্যাতন, অ্যাসিড নিক্ষেপসহ নারী নির্যাতনের অনেক ঘটনা ঘটেছে। এ সময় ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ৭ জন। এ ছাড়া ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে ১০৫ নারীর ওপর। যৌন হয়রানির শিকার হয়েছেন ১২৭ জন নারী। এর মধ্যে যৌন হয়রানির কারণে ৮ জন আত্মহত্যা করেছেন। যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে ৩ জন নারী ও ২ জন পুরুষ নিহত হয়েছেন। এ ছাড়া হয়রানি ও লাঞ্ছনার শিক্ষার হয়েছেন ১২৪ জন নারী-পুরুষ। অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছেন মোট ১১ জন নারী। এদিকে গত ৬ মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হেফাযতে/ক্রসফায়ারে মোট ২০৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে র্যাবের ক্রসফায়ারে ৫৯ জন, পুলিশের ক্রসফায়ারে ৯২ জন, ডিবি পুলিশের ক্রসফায়ারে ১২ জন, বিজিবির ক্রসফায়ারে ২৮ জন নিহত হয়েছে। গত ৬ মাসে ৮৯৫ জন শিশু বিভিন্ন ধরনের নির্যাতন ও হত্যার শিকার হয়েছে। এর মধ্যে ১০৪ শিশু হত্যার শিকার হয়েছে, ৪০ শিশু আত্মহত্যা করেছে, নিখোঁজের পর এক শিশু এবং বিভিন্ন সময়ে ১৭ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ৪১ জন শিশুর।
