চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্টের ৩১ তারিখ পর্যন্ত সারা দেশে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ২৪৬ জন এবং আহত হয়েছেন ৯৭ জন। নিহতদের মধ্যে ৩০ জন নারী, ৬ জন শিশু, ৮ জন কিশোর-কিশোরী এবং ২০২ জনই রয়েছে পুরুষ। ‘সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম’ নামের একটি সংগঠন এ বিষয়ে পূর্ণঙ্গ তালিকা প্রকাশ করেছেন। বজ্রপাতে এ বছর সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে সাতক্ষীরা জেলায়। এ জেলায় চলতি বছরে ২২ জন নিহত হয়েছেন। এ ছাড়া কিশোরগঞ্জ, পাবনা, সুনামগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল জেলায় বজ্রপাতে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। ধান কাটার সময় বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপর বেশি নিহত হয়েছে বৃষ্টিতে ভেজা ও বজ্রপাতের সময় মাছ ধরতে গিয়ে। এ ছাড়া মাঠে গরু আনতে গিয়ে এবং টিন ও খড়ের ঘরে অবস্থান ও ঘুমানোর সময় বজ্রাঘাতেও অনেকের মৃত্যু হয়েছে।
