করোনা ভারাইসের কারণে মন্দায় পড়েছে বিশ্ব অর্থনীতি। এ কথা এখন সর্বজনবিদিত। তবে করোনায় বিশ্ব অর্থনীতির কী পরিমাণ ক্ষতি হতে পারে, এবার সেটার একটা পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তারা বলছে, করোনার কারণে সারাবিশ্বে ৫ লাখ ৮০ হাজার কোটি (৫ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার) থেকে ৮ লাখ ৮০ হাজার কোটি ডলার (৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার) ক্ষতি হতে পারে। যা বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ দশমিক ৪ শতাংশ থেকে ৯ দশমিক ৭ শতাংশ কমে যাওয়ার সমান। ‘আপডেট অ্যাসেসমেন্ট অব দ্য পটেনশিয়াল ইকোনমিক ইমপ্যাক্ট অব কোভিড-১৯’ শীর্ষক এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয় এডিবি। প্রতিবেদনটিতে বলা হয়, এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে করোনায় ৩ মাসে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। ৬ মাসে এ ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে। যা মোট ক্ষতির প্রায় ৩০ শতাংশ। এই সময়ে শুধু চীনেরই ক্ষতি হতে পারে ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার থেকে ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার। তাতে বলা হয়, সরকারপ্রধানরা যরূরী পদক্ষেপ নিলেও সারা বিশ্বে করোনায় ৩ মাসে ক্ষতি হবে ৪ হাজার ৯৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার আর ৬ মাসে এ ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে প্রায় ৫ হাজার ৩৮৭ দশমিক ৮ বিলিয়ন ডলারে। আর এশিয়ায় ৩ মাসে ১ হাজার ৩২৮ বিলিয়ন এবং ৬ মাসে ১ হাজার ৮৫৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হতে পারে। সরকারপ্রধানরা যরূরী পদক্ষেপ না নিলে সারা বিশ্বে ৩ মাসে ৫ হাজার ৭৯৬ দশমিক ৯ বিলিয়ন ডলার এবং ৬ মাসে ৮ হাজার ৭৮৯ দশমিক ৯ বিলিয়ন ডলার ক্ষতি হবে। আর এশিয়ায় ৩ মাসে ১ হাজার ৬৬৭ দশমিক ৮ বিলিয়ন ডলার এবং ৬ মাসে ২ হাজার ৫২৯ দশমিক ১ বিলিয়ন ডলার ক্ষতি হবে।
