কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : বিবাহের সময় ছেলের সামার্থ্য না থাকা সত্ত্বেও মেয়ে পক্ষ তিন লাখ টাকা কাবিন বা মোহরানা নির্ধারণ করেন এবং বলেন, নগদ যা সামর্থ্য আছে তাতেই বিবাহ হবে। বাকী টাকা কোন দিন দাবী করা হবে না বা পরিশোধও করতে হবে না। তবে তা কাবিন হিসাবে রেজিষ্ট্রি থাকবে। এমতাবস্থাতেই বিবাহ সম্পাদিত হয়েছে। সুতরাং ছেলে যদি এখন বাকী টাকা পরিশোধ করতে না পারে তাহলে কে দায়ী হবে?

উত্তর : মোহর নির্ধারণ হবে ছেলের সামর্থ্য ও সন্তুষ্টি চিত্তে। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্টি চিত্তে মোহর প্রদান কর’ (নিসা, ৪)। ছেলের সামর্থ্যের বাইরে মেয়ে পক্ষ মোহর নির্ধারণ করবে এটি শরী‘আতে জায়েয নয় এবং উল্লেখিত শর্তগুলোও জায়েয নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা নারীদের মোহর বেশী কর না’ (আবুদাঊদ, হা/২১০৬; ইরওয়াউল গালীল, হা/১৯২৭)। কেননা মোহর কম হলে বরকত বেশী হয় (ইরওয়াউল গালীল, ৬/৩৫০পৃঃ)। সুতরাং ছেলে নগদ হিসাবে যেটি মোহর প্রদান করেছে সেটিই মোহর হিসাবে গণ্য হবে। বাকী মোহর বাতিল হবে। নচেৎ তাকে ক্ষমা করে দিতে হবে। দাবী করা ঠিক হবে না। আর যদি স্ত্রী মোহর দাবী করে তাহলে এটি যুলূম হবে। সে ক্ষেত্রে স্ত্রী দায়ী হবে। আব্দুল্লাহ ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অত্যাচার ক্বিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে’ (ছহীহ বুখারী, হা/২৪৭৪; ছহীহ মুসলিম, হা/২৫৭৯; মিশকাত, হা/৫১২৩)।

জহুরুল ইসলাম

সখীপুর, জামালপুর।


Magazine