উত্তর : কোনো মাযহাবের অনুসরণে নয় বরং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাতের অনুসরণে ছালাত আদায় করতে হবে। সুতরাং বিজোড় শব্দে ইক্বামত দিয়ে ছালাত আদায় করবে। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বেলাল রাযিয়াল্লাহু আনহু-কে দুইবার করে আযান ও একবার করে ইক্বামত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। রাবী ইসমাঈল বলেন, আমি ইক্বামত সম্পর্কে আইয়ূবকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘ক্বাদ ক্বা-মাতিছ ছালাত’ ব্যতীত (২ বার বলতে হবে) (ছহীহ বুখারী, হা/৬০৩, ৩৪৫৭; ছহীহ মুসলিম, হা/৩৭৮; মিশকাত, হা/৬৪১)। আব্দুল্লাহ বিন ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় আযান দুইবার ও ইক্বামত একবার করে দেওয়ার রেওয়াজ ছিল, ‘ক্বাদ ক্বা-মাতিছ ছালাহ’ দুইবার ব্যতীত (আবুদাঊদ, হা/৫১০; নাসাঈ, হা/৬২৮; দারেমী, হা/১১৯৩; মিশকাত, হা/৬৪৩)।
