উত্তর : সিজদায় বা ছালাতের যে কোন স্থানে চোখ বন্ধ রাখা ঠিক নয়। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার স্থানে তাকিয়েই ছালাত আদায় করতেন। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি চাদরে ছালাত আদায় করেন যাতে নকশা ছিল। তিনি তার নকশার দিকে একবার নযর করলেন। তিনি ছালাত শেষে বললেন, ‘আমার এ চাদরটি তার প্রদানকারী আবু জাহমের নিকট নিয়ে যাও এবং আমার জন্য তার ‘আম্বেজানিয়া’ চাদর নিয়ে আসো। কেননা এখনই এ চাদর আমার ছালাতের একাগ্রতা নষ্ট করল’ (ছহীহ বুখারী, হা/৩৭৩; ছহীহ মুসলিম, হা/৫৫৬; মিশকাত, হা/৭৫৭)। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, আয়েশা রাযিয়াল্লাহু আনহা-এর একটি পর্দা ছিল, যা দ্বারা তিনি ঘরের একদিক ঢেকে রেখেছিলেন। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমার এ পর্দা সরিয়ে ফেল। কারণ তার ছবিসমূহ আমার ছালাতের মাঝে আমার চোখে পড়ে’ (ছহীহ বুখারী, হা/৩৭৪; মিশকাত, হা/৭৫৮)। যদি ছালাতে চোখ বন্ধ করে রাখা শরী‘আত সম্মত হতো, তাহলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই চোখ বন্ধ রাখতেন এবং সেই চিত্রগুলো তাকে অমনোযোগী করত না (ফাতাওয়া লাজনাহ দায়িমাহ, ৫/৩৭৯ পৃঃ)।
-আনোয়ার হোসেন
কাশিমপুর, গাজীপুর।
