কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : মসজিদে কেউ উচ্চৈঃস্বরে কথা বললে তাকে প্রহার করা উচিত হবে কি?

উত্তর : মসজিদে কেউ উচ্চৈঃস্বরে কথা বললে তাকে মসজিদের আদব ভঙ্গ করার কারণে কঠোরভাবে সতর্ক ও সাবধান করতে হবে। সায়িব ইবনু ইয়াযীদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি মসজিদে নববীতে দাঁড়িয়েছিলাম। এমন সময় একজন লোক আমার দিকে কংকর নিক্ষেপ করল। আমি তার দিকে তাকিয়ে দেখলাম যে তিনি ওমর ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহু। তিনি আমাকে বললেন, ঐ দু’ব্যক্তিকে আমার নিকট নিয়ে এসো। আমি তাদেরকে তার নিকটে নিয়ে আসলাম। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা বলল, আমরা তায়েফের অধিবাসী? ওমর রাযিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যদি মদীনার লোক হতে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে কঠোর শাস্তি দিতাম। তোমরা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মসজিদে উচ্চস্বরে কথা বলছো! (বুখারী, হা/৪৭০; সুনানূল কুবরা লিল বায়হাক্বী, হা/২০২৬৫)। অত্র হাদীছ প্রমাণ করে যে, কোন বিধান সম্পর্কে অজ্ঞতা বা জানা না থাকা একটি গ্রহণযোগ্য অজুহাত। যে কারণে খলীফা ওমর রাযিয়াল্লাহু আনহু দ- প্রদান এড়িয়ে যান। অন্যথায় তিনি তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেন।

-জোবায়ের আব্দুল্লাহ

মান্দা, নওগাঁ।


Magazine