উত্তর : সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরেও তাকে বিবাহ না দেওয়া বর্তমানকালের এক নিন্দনীয় সামাজিক প্রথা। সামর্থ্য থাকা সত্ত্বেও প্রতিষ্ঠিত হওয়ার নামে ৩০-৩৫ বছর বয়সে বিবাহ দেওয়া বা বিবাহ করা সম্পূর্ণরূপে শরী‘আত বিরোধী কাজ। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের মাঝে যারা অবিবাহিত, তাদের বিবাহ দিয়ে দাও এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎ তাদেরকেও। যদি তারা অভাবগ্রস্থ হয়, তাহলে আল্লাহই নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ তো প্রাচুর্যময় ও সুবিজ্ঞ’ (নূর, ৩২)। আয়াতে দাস-দাসীদের কথা বলা হলেও তা দাস এবং স্বাধীন সবার ক্ষেত্রে প্রযোজ্য। আব্দুল্লাহ ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তা‘আলা বিবাহ দেওয়ার প্রতি মনিবদের উদ্বুদ্ধ করেছেন এবং স্বাধীন ও পরাধীন সবাইকে বিবাহ করার আদেশ করেছেন। পাশাপাশি অভাবী হলে তাদেরকে অভাবমুক্ত করে দেওয়ার ওয়াদা করেছেন। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, ‘হে যুব সম্প্রদায়! তোমাদের মাঝে যে বিবাহ করার সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করে নেয়। কারণ বিবাহ চক্ষুকে অবনত করে এবং লজ্জাস্থানকে হেফাযত করে। আর যার সামর্থ্য নেই, সে যেন ছিয়াম রাখে। এই ছিয়ামই তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবে’ (ছহীহ বুখারী, হা/১৯০৫; ছহীহ মুসলিম, হা/১৪০০; মিশকাত, হা/৩০৮০)।
-সোহানুর হোসেন
পুঠিয়া, রাজশাহী।
