উত্তর : একটি পশুতে একাধিক জনের অংশগ্রহণ সম্পর্কে যে হাদীছগুলো এসেছে, সেগুলো প্রায়ই সফরের সাথে সম্পৃক্ত। তবুও সেখানে সাত পরিবারের পক্ষ থেকে ভাগে অংশগ্রহণের কথা উল্লেখ নেই বরং সাতজনের কথা উল্লেখ রয়েছে। এ ক্ষেত্রে একটি উট ও গরুতে সাতজন পর্যন্ত শরীক হতে পারে। জাবের ইবনে আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘গরু সাত জনের পক্ষ থেকে এবং উট সাত জনের পক্ষ থেকে’ (আবুদাঊদ, হা/২৮০৮; তিরমিযী, হা/৯০৪; মিশকাত, হা/১৪৫৮)। তবে উটে দশজনও শরীক হওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আববাস রাযিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে এক সফরে ছিলাম। তখন ঈদুল আযহা এসে পড়লে আমরা উটে দশজন এবং গরুতে সাতজন শরীক হলাম’ (ইবনে মাজাহ, হা/৩১৩১, সনদ ছহীহ)।
উল্লেখ্য যে, মুক্বীম অবস্থায় ভাগা কুরবানীর বিষয়ে মতানৈক্য রয়েছে (ফাতাওয়া লাজনা দায়েমাহ, ১১/৩৯৫ পৃ. ও ৪০৫ পৃ.)। তাই পরিবারের পক্ষ থেকে একটি বা একাধিক কুরবানী করাই উত্তম। এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নাই।
-রাকিব হাসান
কুমারখালী, কুষ্টিয়া।
