উত্তর : বৈধ অর্থের সাথে অবৈধ অর্থ সম্পদ মিশ্রিত করা যাবে না। মহান আল্লাহ তা‘আলা বলেন, ‘হে রাসূলগণ! তোমরা পবিত্র বস্ত্ত হতে আহার কর ও সৎকর্ম কর’ (মুমিনূন, ৫১)। আল্লাহ তা‘আলা অন্যত্র বলেন, ‘হে মুমিনগণ! আমি তোমাদের যেসব পবিত্র বস্তু দিয়েছি, তা হতে তোমরা আহার কর এবং আল্লাহ্র কৃতজ্ঞতা আদায় কর, যদি তোমরা শুধু তারই ইবাদত করে থাক’ (বাক্বারাহ, ১৭২)। আল্লাহ তা‘আলা নবী-রাসূলগণকে পবিত্র বস্তু আহার করা এবং সৎকর্মের আদেশ করেছেন। অনুরূপভাবে মুমিনদের পবিত্র হালাল বস্তু ভক্ষণ করতে বলেছেন, বিধায় কোন অবস্থায় ও উদ্দেশ্যে হালাল সম্পদের সাথে হারাম মিশ্রিত করা যাবে না। কেননা পবিত্র বস্তুর সাথে অপবিত্র মিশ্রিত হলে পবিত্র বস্তু আর পবিত্র থাকে না। কর্তব্য হবে, হালাল উপার্জনের উপর সন্তুষ্ট থাকা এবং তার কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে বরকত চাওয়া। তিনিই সাবলম্বী করতে পারেন। তিনি বলেন, ‘যদি তোমরা কৃতজ্ঞ হও, তাহলে তোমাদের অবশ্যই অধিক দিব। আর যদি অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখ, আমার শাস্তি অত্যন্ত কঠোর’ (ইবরাহীম, ৭)।
-আবু হুরায়রা ছিফাত
মান্দা, নওগাঁ।
