কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : কালেমায়ে ত্বাইয়্যেবা কোনটি?

উত্তর : যে কালেমাতে আল্লাহ এবং তাঁর রাসূলের সাক্ষী থাকে তাকে বলে ‘কালেমা শাহাদাত’। আর যাতে শুধু আল্লাহর সাক্ষী থাকে তাকে বলে ‘কালেমা ত্বাইয়্যেবা’। আবু সাঈদ ও আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তাঁরা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে ‘লা ইলা-হা ইলাল্লাহ্’র তালক্বীন কর বা শিক্ষা দাও (ছহীহ মুসলিম, হা/৯১৬-৯১৭; মিশকাত, হা/১৬১৬)।

আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের সত্তরটিরও অধিক শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম হলো (কালেমা তাইয়্যেবা) ‘লা ইলা-হা ইলাল্লাহ’ (ছহীহ বুখারী, হা/৯; ছহীহ মুসলিম, হা/৩৫; মিশকাত, হা/৫)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ৭০টিরও অধিক শাখা রয়েছে। তার মধ্যে সর্বাধিক উত্তম হলো, ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ বলা’ (ছহীহ বুখারী, হা/৯; ছহীহ মুসলিম, হা/৩৫; মিশকাত, হা/৫)। অতএব, প্রকৃতপক্ষে কালেমা ত্বাইয়্যেবা হচ্ছে, لَا إلهَ إلَّا اللهُ। সূরা ইবরাহীমের ২৪ নং আয়াতে উল্লেখিত ‘كَلِمَةً طَيِّبَةً’-এর ব্যাখ্যায় ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু বলেন, الْكَلِمَةُ الطَّيِّبَةُ لَا إِلٰهَ إِلَّا اللهُ ‘কালেমা ত্বাইয়্যেবা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ’ (তাফসীর কুরতুবী, ৯/৩৫৯ পৃঃ; তাফসীর ইবনে কাছীর, ৪/৪২২ পৃঃ)।

উল্লেখ্য যে, দুই অংশ বিশিষ্ট কালেমা অর্থাৎ لَا إلهَ إلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ মূলত কালেমায়ে শাহাদাত বা শাহাদাতাইনের সংক্ষিপ্ত রূপ। তবে মুসতাদরাকে হাকেমের ৪২২৮ নং হাদীছে لَا إلهَ إلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ -কে কালেমা ত্বাইয়্যেবা হিসাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এ মর্মে বর্ণিত হাদীছটি ‘জাল’ (মুখতাছারু তালখীছিয যাহাবী, ২/১০৬৭-১০৬৮ পৃঃ, হা/৪৫৩)।

- নাজনীন

বাগমারা, রাজশাহী।


Magazine